শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ শুরু

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬

প্রিন্ট করুন

শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সরেজমিন দেখা যায়, ঢাকার গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজকেন্দ্রে দেখা গেছে, সারিবদ্ধ হয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। স্কুলের গেটে দায়িত্বে থাকা এক আনসার সদস্য ইয়াসিনকে ভোটারদের স্লিপ দেখে কেন্দ্রে প্রবেশ করাতে দেখা গেছে।

তিনি বলেন, আমাদের এখানে ভোটগ্রহণ শুরু হলো। ভোটারদের চেক করে প্রবেশ করাচ্ছি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে আজ ২৯৯টি আসনে লড়াই করছেন মোট ২ হাজার ২৮০ জন প্রার্থী। এর মধ্যে ১,৭৫৫ জন রাজনৈতিক দলের এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ প্রার্থী ১,৯৪৬ জন (রাজনৈতিক দল ১,৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং নারী প্রার্থী ৮৩ জন (রাজনৈতিক দল ৬৩, স্বতন্ত্র ২০)।

দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩২ জন। সারা দেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। সেগুলোকে ভাগ করা হয়েছে সাধারণ ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রে। সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২১,৫০৬টি।

নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে সারা দেশে ৯ লাখ ১৯ হাজার ২৮০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সেনা সদস্য সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫ জেলার ১৭ আসনে থাকবে ৫ হাজার নৌবাহিনীর সদস্য। বিমানবাহিনীর সদস্য থাকবে সাড়ে ৩ হাজার। বিজিবির থাকবে ৩৭ হাজার ৪৫৩ জন। কোস্টগার্ড থাকবে ৩ হাজার ৫৮৫ জন। পুলিশের সদস্য থাকবে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন। র‍্যাব থাকবে ৯ হাজার ৩৪৯ জন। আনসার থাকবে ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন। বিএনসিসির সদস্য থাকবে ১ হাজার ৯২২ জন। এছাড়া ঝুঁকিপূর্ণ বা ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত ২১,৫০৬টি কেন্দ্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতে আজ বড় দলগুলোর শীর্ষ নেতাদের লড়াই হবে দেখার মতো। ঢাকা-১৭ আসনে লড়ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়াও সারা দেশে হেভিওয়েট প্রার্থীদের আসনগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন