মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পারষ্পারিক শুল্ক বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আর এতে সৃষ্টি হওয়া অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের সঙ্গে হতে যাওয়া বাণিজ্য চুক্তির আলোচনা পিছিয়েছে ভারত।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
মার্কিন সুপ্রিম কোর্টের রায় ঘিরে এশিয়ার দেশগুলো যেসব সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখিয়েছে, তার একটি ভারতের এই পদক্ষেপ। আদালতের রায়ের পর শনিবার (২১ ফেব্রুয়ারি) ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। যে আইনের আওতায় এই শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে, তাতে এটিই সর্বোচ্চ সীমা।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পরে সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি একটি সংবেদনশীল বিষয় হওয়ায় সফরের জন্য নতুন কোনো তারিখও নির্ধারণ করা হয়নি।
জানা গেছে, রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক কমাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই মূলত একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আলোচনায় অংশ নিতে ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল ভারতীয় প্রতিনিধি দলটির।
ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৮ শতাংশ কমানোর কথা ছিল। অন্যদিকে, ভারত পাঁচ বছরের মধ্যে ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার মূল্যের মার্কিন পণ্য কিনতে সম্মত হয়েছিল, যার মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহ থেকে শুরু করে উড়োজাহাজ ও যন্ত্রাংশ, মূল্যবান ধাতু এবং প্রযুক্তি পণ্য।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তারা মার্কিন সুপ্রিম কোর্টের রায় ও পরবর্তী ঘোষণার প্রভাব অধ্যয়ন করছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন