ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে মার্কিন ও ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত। দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাতে সোমবার (২ মার্চ) ইরানের মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে আরও বেশি হতাহতের খবর উঠে এসেছে। বিশেষ করে, দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার কথাও বলা হয়েছে।
দেশটির আরেক সংবাদ সংস্থা তাসনিম রাষ্ট্র পরিচালিত শহীদ ফাউন্ডেশনের প্রধান ইব্রাহিম বায়ানির বরাত দিয়ে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ফার্স প্রদেশে ৩৫ জন নিহত হয়েছেন।’
তিনি বলেন, ‘আজও (সোমবার) শত্রুদের বিমান হামলা অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।’
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দাবি করেন, খামেনির মৃত্যু ছিল ‘মাসের পর মাসের গোয়েন্দা পরিকল্পনার ফল’।
গত ৭২ ঘণ্টায় উভয় পক্ষের হামলার মাত্রা ও তীব্রতা বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন