শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

শিরোনাম

লেবাননে আরও সেনা পাঠাচ্ছে ইসরাইল, বাড়ছে উদ্বেগ

শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

প্রিন্ট করুন

আন্তর্জাতিক মহলের উদ্বেগের মধ্যেই দক্ষিণ লেবাননে আরও সেনা পাঠাচ্ছে ইসরাইল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ডিভিশন ১৬২-এর সেনারা দক্ষিণ লেবাননে ‘বাফার জোন’ বা নিরাপত্তা বলয় সম্প্রসারণের লক্ষ্যে অভিযান চালাবে। এই ডিভিশনটি সেখানে আগে থেকেই মোতায়েন থাকা আরও দুটি সেনা ডিভিশনের সঙ্গে যোগ দেবে।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে একটি ‘বড় বাফার জোন’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ঠেকানো যায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে হিজবুল্লাহ তেল আবিবকে লক্ষ্য করে রকেট ছোড়ে। এরপর মার্চের শুরুতে ইসরাইল লেবাননের ওপর হামলা জোরদার করে।

ইসরাইলি বাহিনী লেবাননজুড়ে বিমান ও স্থল হামলা চালানোর পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের বিভিন্ন উপশহরের বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরাইলের হামলায় অন্তত ১ হাজার ১১৬ জন নিহত এবং ৩ হাজার ২২৯ জন আহত হয়েছেন।

এদিকে, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং কানডাসহ বিভিন্ন দেশ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, ইসরাইলের স্থল অভিযান আরও বিস্তৃত হলে তা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন