আমেরিকান বোমা হামলায় নিহত শিশুদের স্মরণে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে ইরান ফুটবল দল। তুরস্কের আনতালিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে কালো আর্মব্যান্ড পরে এবং হাতে স্কুলব্যাগ নিয়ে মাঠে নামে ‘পারসিয়ান লায়ন্স’রা। চলতি মাসের শুরুতে মিনাবের একটি স্কুলে মার্কিন হামলায় ১৬৫ শিশুর প্রাণহানির ঘটনায় এই প্রতীকী শ্রদ্ধা জানানো হয়।
দেশজুড়ে যুদ্ধের উত্তেজনার মধ্যেও দেশের প্রতিনিধিত্ব করতে হাজার মাইল দূরে থাকা ফুটবলারদের এই নীরব প্রতিবাদ হামলার নির্মমতা ও নিহত শিশুদের স্মৃতি নতুন করে সামনে এনে দিয়েছে।
চলতি যুদ্ধের প্রথম দিন, ২৮ ফেব্রুয়ারি, ইরানের মিনাব শহরের শাজারেহ তায়েবেহ স্কুলে আমেরিকার বোমা হামলায় ১৬৫ শিশু প্রাণ হারায়। তুরস্কের আনতালিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ইরান দল এই অভিনব প্রতিবাদ জানায়।
ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মেহদি মোহাম্মাদ নবী বলেন, মিনাবে আমাদের শিশুদের ওপর নির্মমভাবে দু’বার বোমা হামলা করা হয়েছে। এটি শুধু আক্রান্ত পরিবারগুলোর জন্যই নয়, পুরো দেশ এবং জাতীয় দলের ফুটবলারদের জন্যও চরম কষ্টের। আজকের প্রতিবাদের মাধ্যমে আমরা মিনাবের শিশুদের স্মরণ করছি। একইসঙ্গে বিশ্বকে জানাতে চাই, নির্বিচারে শিশু হত্যা কেবল অন্যায়ই নয়, এটি গভীর মানবিক কষ্টের কারণ।
পেশাদার হলেও খেলোয়াড়রা আবেগের বাইরে নন। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই এমন প্রতিবাদ, জানিয়েছে ইরান ফুটবল অ্যাসোসিয়েশন। তবে আবেগঘন ম্যাচে ইরান জিততে পারেনি; আফ্রিকান ঈগলসের কাছে ২-১ গোলে হেরে যায় তারা।
ইরানের স্কুলে হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলেও শুরুতে তা অস্বীকার করে যুক্তরাষ্ট্র। পরে অবশ্য মার্কিন গণমাধ্যম জানায়, ভুলবশত রক্তক্ষয়ী ওই হামলা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিয়ে দ্রুত প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
যুদ্ধের জেরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কের আমন্ত্রণে চার জাতির টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশটি। দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন