হাতে লম্বা বুম, সাংবাদিকদের মতো ভঙ্গি। আঞ্চলিক ভাষায় এলাকার সমস্যা তুলে ধরেন তাইজুল ইসলাম তাজু। নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন সেই ভিডিও। এভাবেই সামাজিক মাধ্যমে এখন ভাইরাল তাইজুল।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সরকারপাড়া চরের বাসিন্দা তাইজুল পেশায় রাজমিস্ত্রীর সহকারী। কিছুদিন আগেও ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করতেন। গত ঈদে বাড়িতে এসে স্থানীয় একটি স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে গিয়ে জিলাপির দাম নিয়ে একটি কনটেন্ট তৈরি করেন। তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় দ্রুত।
এরপর থেকে গ্রামের নানা সমস্যা নিয়ে একের পর এক ভিডিও তৈরি করতে থাকেন তিনি। তার উপস্থাপনা মানুষের মন ছুঁয়ে যায়। স্থানীয়রাও এতে খুশি।
তাজু জানান, অভাবের কারণে টেকেনি তার দাম্পত্য জীবন। অসুস্থ বাবা-মা ও দুই ভাই-বোনের লেখাপড়ার খরচ জোগাতে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন। কিন্তু অভাব থেকে বের হতে পারেননি। এরপর ৮ হাজার টাকার একটি মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি শুরু করেন।
প্রতিবেশি সাদ্দাম হোসেন বলেন, ‘তাজু আমাদের এলাকার গর্ব। ওর সরলতা ও প্রতিভাকে সম্মান করা উচিত। কেউ যেন তাকে ট্রোল না করেন, বরং তার পাশে দাঁড়ালে ভালো হবে।’
তাজু বলেন, ‘মানুষ ভালোবাসা দিছে, ভিডিও ভাইরাল হইছে। কিন্তু আমার তো লাভ হয় নাই। পেজে আয় নাই, সংসার চালানোই কষ্ট। চিন্তা করছি, আবার ঢাকা গিয়ে কাজ করবো। কাজ না করলে তো আর ভাত জুটবে না।’ তিনি আরও বলেন, ‘ভিডিও করি পরিবারের দুঃখ-কষ্ট ভুলতে।’
স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, ‘নদীভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে অন্যের জায়গায় বসবাস করছে তাজুর পরিবার। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ানো দরকার।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন