মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্রতর হচ্ছে ক্রমেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। এ নিয়ে দ্বিতীয় বারের মতো এই ধরনের যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে আইআরজিসি।
ইরানকে এমন ‘অসাধ্য’ সাধনে বড় সহায়তাই করছে চীন। রাষ্ট্র চীন নয়, দেশটির সাধারণ মানুষরাই এমন সহায়তা করছে বলে জানাচ্ছে সাউথ চায়না মর্নিং পোস্ট। প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন চীনা নাগরিকরা স্বেচ্ছায় ইরানকে সাহায্য করছেন অনলাইন মাধ্যমে।
গত ১৪ মার্চ চীনা সামাজিক মাধ্যমে একটি বিস্তারিত টিউটোরিয়াল ভাইরাল হয়ে যায়। বিষয়বস্তু ছিল — যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫ কীভাবে ভূপাতিত করা যায়।
‘লাওহু টকস ওয়ার্ল্ড’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি তৈরি করা হয়। সেখানে বিস্তারিতভাবে বোঝানো হয় কীভাবে ইরান তার কম খরচের অস্ত্র ব্যবহার করে এই উন্নত যুদ্ধবিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে পারে। মজার বিষয় হলো, সেই ভিডিওতে ফার্সি সাবটাইটেলও ছিল। ‘টার্গেট অডিয়েন্স’ কারা ছিল, তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না!
সে ভিডিও শিগগিরই ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে কোটি কোটি বার দেখা হয় এই ভিডিও।
তার চেয়ে আশ্চর্যের বিষয় হলো, ভিডিওটি প্রকাশের মাত্র পাঁচ দিন পর, গত ১৯ মার্চ, ইরান দাবি করে যে তারা একটি মার্কিন এফ-৩৫ বিমানে আঘাত করেছে।
২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ধরনের উদ্যোগ আর একা নয়। চীনা সামাজিক মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত— এই চার বিষয়ে দক্ষ অনেক মানুষ ইরানের যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি ও শেয়ার করছেন।
এই ঘটনা বিশ্বের নিরাপত্তা বিশেষজ্ঞদের নজর কেড়েছে। কারণ এটি নতুন এক ধরনের ‘অনানুষ্ঠানিক যুদ্ধসহায়তা’-র উদাহরণ। কোনো সরকারি কাঠামো ছাড়াই, শুধু ইন্টারনেটের মাধ্যমে একদল দক্ষ মানুষ একটি চলমান যুদ্ধে প্রভাব ফেলার চেষ্টা করছেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন