ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে ‘একজনও বেঁচে থাকবে না।’ সেনাবাহিনীর কমান্ডার ও সদর দপ্তরের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও নির্দেশ দেন, শত্রুর গতিবিধি ‘চরম সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে’ পর্যবেক্ষণ করতে হবে।
তিনি বলেন, ‘শত্রুর প্রতিটি পদক্ষেপ ও কার্যকলাপ মুহূর্তে মুহূর্তে গভীর সন্দেহ ও সতর্কতার সঙ্গে নজরদারিতে রাখতে হবে এবং তাদের হামলার কৌশল মোকাবিলায় যথাসময়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’
হাতামি আরও বলেন, ইরানের ওপর থেকে ‘যুদ্ধের ছায়া’ সরিয়ে ফেলতে হবে এবং দেশের সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘এমন পরিস্থিতি হতে দেওয়া হবে না, যেখানে কিছু এলাকা নিরাপদ থাকবে, আর আমাদের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর হাতামি এমন মন্তব্য করলেন। ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র- ইসরাইলি অভিযানে তারা বিজয়ের কাছাকাছি এবং ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ‘মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় অর্জিত, খুব শিগগিরই বাকি কাজ শেষ করা হবে।’
মধ্যপ্রাচ্যে নিজের পরিকল্পনা তুলে ধরে ট্রাম্প আরও জানান, আগামী ২-৩ সপ্তাহ যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ওপর ‘অত্যন্ত কঠোর’ হামলা চালাবে এবং ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতেও আঘাত হানার হুমকি দেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন