শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

শিরোনাম

ইরানকে পাশ কাটিয়ে যেভাবে হরমুজ প্রণালি পার হচ্ছে ওমানি জাহাজ

শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

প্রিন্ট করুন

মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে ওমানের তিনটি জাহাজের গতিপথ পরিবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নৌযান পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, জাহাজগুলো ইরানের নির্ধারিত ‘অনুমোদিত করিডর’ এড়িয়ে বিকল্প পথে এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করছে।

শিপিংবিষয়ক জার্নাল ‘লয়েডস লিস্ট’–এর ট্র্যাকিং ডেটা বলছে, ওমানের এই ছোট বহরে রয়েছে দুটি বিশাল তেলবাহী সুপারট্যাঙ্কার এবং একটি এলএনজি বহনকারী জাহাজ।

লন্ডনভিত্তিক এই মাধ্যম জানায়, জাহাজগুলো লারক দ্বীপ সংলগ্ন ইরানের নির্ধারিত করিডর ব্যবহার না করে ওমান উপকূলের বেশ কাছ দিয়ে চলাচল করছে।

জাহাজগুলো তাদের অটোমেটিক আইডেনটিফিকেশন সিস্টেম (এআইএস) চালু রেখেই এই পথ অনুসরণ করছে। বিশ্লেষকদের মতে, প্রায় তিন সপ্তাহের মধ্যে এটিই প্রথম ঘটনা যেখানে কোনো জাহাজ ইরানি করিডর এড়িয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছে। সাধারণত নিরাপত্তা ও নিয়ম মেনে এই রুটে চলাচলকারী জাহাজগুলো নির্দিষ্ট করিডরই ব্যবহার করে থাকে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হওয়ায় হরমুজ প্রণালিতে বর্তমানে ঝুঁকি বেড়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, ওমানি জাহাজগুলোর এই পথ পরিবর্তন মূলত সম্ভাব্য নিরাপত্তা হুমকি এড়ানোর কৌশল।

যদি জাহাজগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, তাহলে এটি অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। ‘লয়েডস লিস্ট’-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জাহাজগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, অতীতে ওমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও বর্তমান পরিস্থিতিতে নিজেদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে বলে মনে করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন