বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। অভিনেতা নিজেই জানিয়েছেন, মা অরুণা ভাটিয়ার মৃত্যুর পর থেকে তার সময়টা খারাপ যাচ্ছে। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে নানা আলোচনা চলছে।
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আছে, অক্ষয় অভিনয়ের চেয়ে ব্যবসাকে বেশি গুরুত্ব দেন এবং প্রযোজকের লোকসান নিয়ে তার তেমন মাথাব্যথা নেই। তবে অক্ষয়ের সঙ্গে একতা কাপুরের অভিজ্ঞতা একেবারে ভিন্ন। একতার ৩১ বছরের কর্মজীবনে নাকি এমন অভিজ্ঞতা হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে একতা কাপুর জানান, নিজের ৩১ বছরের ক্যারিয়ারে অক্ষয়ের মতো পেশাদার অভিনেতা তিনি খুব কমই দেখেছেন। অক্ষয়কে নিয়ে ২০১৩ সালে নির্মিত ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবির অভিজ্ঞতা শেয়ার করে ঘটনার স্মৃতিচারণ করেনে একতা। সিনেমাটির প্রথম কিস্তি সুপারহিট হলেও অক্ষয়ের সিক্যুয়েলটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ৮৫ কোটি রুপি বাজেটের ছবিটি মাত্র ৯৩ কোটির ঘর পর্যন্ত পৌঁছতে পেরেছিল।
একতা বলেন, ছবিটি প্রত্যাশা অনুযায়ী সফল না হওয়ায় অক্ষয় কুমার নিজের পারিশ্রমিকের চেক ফেরত দিতে তার কাছে এসেছিলেন। তার ভাষায়, ‘মানুষটা তার পুরো পারিশ্রমিক ফিরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আমি নেইনি।’
তিনি আরও জানান, তখন তাকে বলেছিলাম যে, এই টাকা আমার চাই না। বরং ভবিষ্যতে আমার সঙ্গে আরেকটি সিনেমা করে দিও, তাহলে এর চেয়ে দ্বিগুণ আয় করতে পারব। একতার মতে, সাধারণত সিনেমা ব্যর্থ হলে শিল্পীরা দায় নিতে চান না, কিন্তু অক্ষয় কুমার ব্যতিক্রম। তার এই পেশাদারিত্ব ও সততায় মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘আমার ৩১ বছরের দীর্ঘ কর্মজীবনে কোনো অভিনেতা এমনটা করেননি।’



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন