বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

শিরোনাম

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

বুধবার, এপ্রিল ৮, ২০২৬

প্রিন্ট করুন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইঙ্গিতের পর লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ১০ জন লেবাননের নাগরিক নিহত হয়েছেন। সকাল থেকে চলা ওই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। খবর জেরুজালেম পোস্টের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির চুক্তিতে দাবি জানানো হয়েছিল, লেবাননসহ সব ফ্রন্টের যুদ্ধ থামাতে হবে। সেই দাবি মেনেও নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইসরাইল জানিয়েছে, চুক্তিতে থাকা শর্তের মাঝে লেবানন থাকবে না।

এরপরই দখলদার ইসরাইলের সেনাবাহিনী ব্যাপক হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত ছিল। যাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের সিডন শহরের একটি ক্যাফেতে ইসরাইলি হামলায় ৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। আল-মায়াদিন জানিয়েছে, রাস এল-আইন এলাকায় একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হয়েছেন। এছাড়াও ওয়াদি বারঘাজ এলাকায় যুদ্ধবিমান হামলার খবর পাওয়া গেছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, দেশের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদরাই টাইর শহরের বাসিন্দাদের উদ্দেশে সম্ভাব্য হামলার আগে সতর্কবার্তা দিয়ে জাহরানি নদীর উত্তরে সরে যেতে বলেন।

এদিকে, লেবাননের ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট চলমান হামলার কারণে বাস্তুচ্যুত মানুষদের দক্ষিণে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় ১,৫০০-এর বেশি মানুষ নিহত এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে এবং তারা বলেছে,‘বাফার জোন’ তৈরির জন্য আরও এলাকা দখলই তাদের লক্ষ্য।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন