মরক্কো থেকে হাজারো অভিবাসী সাগরে সাঁতরে, পাথুরে বাঁধ অতিক্রম করে এবং তারাহাল সীমান্ত দিয়ে স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় প্রবেশ করেছেন। নতুন এ অভিবাসী ঢলে এলাকাজুড়ে মানবিক সংকট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে শত শত লোক প্রবেশ করে। চলতি মাসের শেষের দিকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মরক্কো থেকে সমুদ্র সাঁতারে এবং বেড়া টপকে দুই থেকে তিন হাজার অধিবাসী সউতায় প্রবেশ করেছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উন্নত জীবনের আশায় নারী, পুরুষ ও শিশুসহ শত শত অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের ভূখণ্ডে প্রবেশ করছেন। প্রবেশকারীদের মধ্যে অধিকাংশই তরুণ পুরুষ হলেও নারী, শিশু ও পরিবারের সদস্যরাও রয়েছেন।
অভিবাসীদের উদ্ধারে স্পেনের সিভিল গার্ড, মেরিটাইম রেসকিউ সার্ভিস এবং রেড ক্রস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে আশ্রয়কেন্দ্রগুলো ধারণক্ষমতার বাইরে চলে যাওয়ায় শত শত মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতিকে মানবিক সংকট হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সহায়তা চেয়েছে। এদিকে সমুদ্রপথে সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত তিনজন অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত এক বছরে এই বিপজ্জনক রুটে প্রায় ৬০টি মরদেহ উদ্ধার বা সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
প্রসঙ্গত, মরক্কো ও স্পেনের মধ্যবর্তী সেউতা ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তপথ। উন্নত জীবনের আশায় প্রতিবছর হাজারো অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে এই সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন