মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আরও জোরালোভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের লক্ষ্য হলো এই যুদ্ধে ‘জয়লাভ’ করা এবং কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা শুধু জিততে চাই। আমরা খুব ভালো অবস্থানে আছি। এমন পরিস্থিতিতেও আমরা যতটা সম্ভব সংযত থাকার চেষ্টা করছি। কিন্তু ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে।
ট্রাম্প আরও বলেন, বিষয়টি খুবই সহজ। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ইরানের ওপর খুব কঠোরভাবে হামলা চালিয়ে যাব। একসময় তারা বলবে, আর সহ্য করতে পারছি না।
ইরান এখনও শক্ত অবস্থানে রয়েছে—এমন দাবি নাকচ করে ট্রাম্প বলেন, ইরান খুবই খারাপ অবস্থায় আছে। তারা অত্যন্ত অসৎ এবং তাদের সঙ্গে সমঝোতা করা কঠিন।
তিনি ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অতীত যুদ্ধের সঙ্গে বর্তমান সংঘাতের তুলনা করে বলেন, মাত্র পাঁচ মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে।
ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, তাদের ওপর আমার আস্থা কমে যাচ্ছে, কারণ তারা মিথ্যা বলে। তার ভাষ্য, বিশেষ দূত স্টিভ উইটকফের ফোনের অপেক্ষায় থাকা অবস্থায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাকে জানান, ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাব হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে। এর পালটা প্রতিক্রিয়ায় ইরান জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরান।
গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের একটি কাঠামোগত চুক্তিতে সই করলেও সাম্প্রতিক হামলা-পালটা হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন