ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও খরার প্রভাবে একের পর এক দেশ নতুন সংকটে পড়ছে। অস্ট্রিয়ায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, হাঙ্গেরিতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান জানানো হয়েছে এবং কয়েকটি দেশে দাবানল, জ্বালানি সংকট ও কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৫ আগস্ট) অস্ট্রিয়ার জাতীয় আবহাওয়া সংস্থা ‘জিওস্ফিয়ার অস্ট্রিয়া’ জানায়, স্লোভাকিয়া সীমান্তবর্তী বাড ডয়েচ-আল্টেনবুর্গ শহরে তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এর আগের দিন রাজধানী ভিয়েনায় ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ হিসেবে ইউরোপ এ গ্রীষ্মে নজিরবিহীন তাপপ্রবাহ ও ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে। বিশেষ করে ফ্রান্স ও স্পেনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ হয়ে উঠেছে।
তীব্র গরমের কারণে ভ্যাটিকানও তাদের কর্মসূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। জুলাই মাসের বিরতির পর পোপ লিওর প্রথম সাপ্তাহিক সাধারণ সমাবেশ সেন্ট পিটার্স স্কয়ারের পরিবর্তে ভবনের অভ্যন্তরে আয়োজন করা হয়। প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ায় দর্শনার্থীরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
অস্ট্রিয়ার প্রতিবেশী হাঙ্গেরিতে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানালে শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনতে শুরু করেন। রাজধানী বুদাপেস্টে আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
এদিকে খরার কারণে দানিউব নদীর পানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় নদীর পানি দিয়ে শীতলীকরণ ব্যবস্থা পরিচালিত হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অধিকাংশ কার্যক্রম সীমিত করতে হয়েছে। এতে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর তীব্র চাপ তৈরি হয়েছে।
একই কারণে স্লোভেনিয়ার ক্রশকো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। সাভা নদীর পানির প্রবাহ কমে যাওয়ায় কেন্দ্রটি প্রথম ধাপে উৎপাদন সক্ষমতার ৮০ শতাংশে নামিয়ে আনবে। এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিবেশী ক্রোয়েশিয়াতেও বিদ্যুৎ সরবরাহ করা হয়।
জার্মানিতেও রাইন নদীর পানি নতুন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফলে কিছু পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে, আর যেগুলো চলছে সেগুলোকে অনেক কম মালামাল বহন করতে হচ্ছে। রাইন নদী ইউরোপে শস্য, আকরিক ও জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।
অন্যদিকে আলবেনিয়ার দক্ষিণাঞ্চলের মালাকাস্তের এলাকায় দাবানলের কারণে অন্তত ১৫টি পরিবারকে তাদের গবাদিপশু ও পোষা প্রাণীসহ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণকর্মীরা স্থল ও আকাশপথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, যাতে তা বসতবাড়িতে ছড়িয়ে না পড়ে। গিরোকাস্তার অঞ্চলেও বজ্রপাত থেকে সৃষ্ট বলে ধারণা করা আরেকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
প্রতিবেশী গ্রিসে প্রবল বাতাসে ছড়িয়ে পড়া দাবানলে এথেন্সের উত্তর-পশ্চিমের জনপ্রিয় পর্যটন এলাকার কাছে হাজার হাজার হেক্টর কৃষিজমি পুড়ে গেছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও নতুন করে ছড়িয়ে পড়া ঠেকাতে শত শত দমকলকর্মী ও ছয়টি হেলিকপ্টার কাজ চালিয়ে যাচ্ছে।
মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু দেশটির নাগরিকদের সন্ধ্যার ব্যস্ত সময়ে বিদ্যুৎ কম ব্যবহার এবং পানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, রাজধানী কিশিনাউ কয়েক দিন পানি ছাড়া থাকলে তা বড় ধরনের বিপর্যয়ে পরিণত হবে।
মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান জানান, প্রতিবেশী ইউক্রেন চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না এবং রোমানিয়াও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে সক্ষম নয়, এমনকি সর্বোচ্চ দামে কিনতেও সমস্যা হচ্ছে।
এদিকে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও বৃষ্টির অভাবে কৃষি উৎপাদনেও মারাত্মক প্রভাব পড়ছে। বুধবার প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাজ্যে চলতি বছরের শস্য উৎপাদন ১৯৮৪ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নামতে পারে। বিশেষজ্ঞদের মতে, অস্বাভাবিক গরম ও শুষ্ক আবহাওয়ায় ফসল শুকিয়ে যাওয়ায় খাদ্য উৎপাদন ও সরবরাহব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন