ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোনালাপে তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ভারত-ইসরাইল বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা করেন। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়ে ওঠা ভারত-ইসরাইল বিশেষ কৌশলগত অংশীদারত্বের নানা দিক নিয়ে তাদের কথা হয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও মতবিনিময় করেছেন তারা।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে তারা একমত হন।
গত ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর আমন্ত্রণে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে দুই দিনের সফরে ইসরাইল যান মোদি। সেই সফরের প্রসঙ্গ তুলে দুই নেতা ২০১৭ সালে মোদির ঐতিহাসিক ইসরাইল সফর এবং ২০১৮ সালে ভারতে নেতানিয়াহুর সফরের কথা স্মরণ করেন। তাদের মতে, ওই সফরগুলো দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফোনালাপে উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে ভারত-ইসরাইল সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতির বিষয় উঠে আসে। এসব ক্ষেত্রে অংশীদারত্ব আরও জোরদার করে কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই নেতা।
এ সময় শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধিকে ভিত্তি করে বিশেষ কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন মোদি ও নেতানিয়াহু।
এর আগে ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত ভারত-ইসরাইলের যৌথ বিবৃতিতে বলা হয়, প্রযুক্তিগত উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে উভয় দেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রযুক্তি ও উদ্ভাবনে ইসরাইল যেমন বিশ্বে অগ্রণী, তেমনি মেধা, উন্নত উৎপাদনশিল্প ও উদ্যোক্তা শক্তির অন্যতম বৃহৎ কেন্দ্র ভারত—যা দুই দেশের সক্ষমতাকে পরস্পরের পরিপূরক করে তুলেছে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন