বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

মার্কিন কর্মকর্তাদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়তে বললেন ইরানি ডেপুটি স্পিকার

মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের সিরিকে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা কোনো প্রযুক্তিগত ভুল নয়, বরং যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন দেশটির সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। একই সঙ্গে তিনি মার্কিন কর্মকর্তাদের যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদের এক ভার্চুয়াল অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

নিকজাদ দাবি করেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন এবং টেলিযোগাযোগ টাওয়ার থেকে বিয়ের অনুষ্ঠানের দূরত্ব প্রমাণ করে যে এটি কোনো দুর্ঘটনাজনিত ভুল ছিল না।

তিনি বলেন, হামলাটি যদি ‘প্রযুক্তিগত ভুল’ও হয়ে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার দুর্বলতাই প্রকাশ করে।

তার দাবি, উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০ মিটার দূরে আঘাত হানা হয়েছে।

নিকজাদ আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এখন ‘আমেরিকার শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনা’র দাবি না করে ‘লজ্জাজনক পরাজয়’ সামাল দেওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত।

তিনি দাবি করেন, ইরান পরিকল্পনা ও কৌশল অনুযায়ী যুদ্ধ পরিচালনা করছে এবং একসঙ্গে সব সামরিক সক্ষমতা ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী কৌশল ও সরঞ্জাম পরিবর্তন করছে। তার মতে, মার্কিন যুদ্ধজাহাজ ও মধ্যপ্রাচ্যের কমান্ড পোস্টে হামলা ইরানের সামরিক সক্ষমতার কেবল একটি অংশ।

মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে নিকজাদ বলেন, ‘আপনাদের যে সামান্য সুনাম এখনো অবশিষ্ট আছে, সেটুকুও হারানোর আগে যত দ্রুত সম্ভব অঞ্চলটি ছেড়ে যান।’

তিনি আরও দাবি করেন, মার্কিন কমান্ড সেন্টারে হামলার পর দেশটির কয়েকজন সামরিক কমান্ডার হোটেলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পাশাপাশি মার্কিন সেনাদের মধ্যে হতাশা ও আত্মহত্যার ঘটনা বাড়ছে বলেও দাবি করেন তিনি।

তবে ইরানি ডেপুটি স্পিকারের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন