বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শিরোনাম

চীনা যন্ত্রাংশে দূরপাল্লার মিসাইল তৈরি করছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

প্রিন্ট করুন

চীন থেকে আনা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে আরও শক্তিশালী ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরব ও ইসরাইলে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে চায় গোষ্ঠীটি।

অস্ত্র সরবরাহ নিয়ে গবেষণা করা সংস্থা কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের (সিএআর) অনুসন্ধানে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ আমদানির তথ্য উঠে এসেছে। আটক করা চালানে ক্ষেপণাস্ত্রের মোটর, ধাতব কাঠামো, ফিন ও উচ্চ তাপ প্রতিরোধী উপাদানসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, হুথিরা ইরানের ‘খাইবার শেকান’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আদলে অস্ত্র তৈরির চেষ্টা করছে। প্রায় ১ হাজার ২০০ মাইল পাল্লার এই ধরনের ক্ষেপণাস্ত্র সৌদি আরব ও ইসরাইলের জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে।

জাতিসংঘের ইয়েমেন নিষেধাজ্ঞা প্যানেলের সাবেক বিশেষজ্ঞ হেনরি থম্পসন বলেন, হুথিরা অন্তত গত দুই বছর ধরে চীন থেকে কঠিন জ্বালানিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ আমদানি করছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁর মতে, এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হুথিরা ক্রুজ মিসাইল বা ড্রোনের তুলনায় বেশি বিস্ফোরক বহন করে সৌদি আরবের গভীরে আঘাত হানতে পারবে।

অন্যদিকে চীন দাবি করে আসছে, হুথিদের কাছে অস্ত্র সরবরাহের বিষয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা তারা মেনে চলে। তবে আটক করা যন্ত্রাংশের উৎস ও সরবরাহব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন