চলমান ডেস্ক: ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গাঞ্জের সাথে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বৈঠক করেছেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস। ইসরাইলে বিরল সফর চলাকালে তিনি তার সাথে এ বৈঠক করেন।
এ বিষয়ে গাঞ্জের প্রতিরক্ষা বিভাগ জানায়, এ সময় তারা নিরাপত্তা ও বেসামরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। খবর এএফপির।
ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘গাঞ্জ আব্বাসকে বলেছেন যে, অর্থনৈতিক ও বেসামরিক বিভিন্ন খাতে দৃঢ় আস্থা গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখার ব্যাপারে তিনি আগ্রহী এবং তাদের সর্বশেষ বৈঠকে সে ব্যাপারে তারা সম্মত হয়েছেন।’
ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘এ দুই নেতা নিরাপত্তা ও বেসামরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।’
ইসরাইলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ‘ইসরাইলের কেন্দ্র স্থলে রোশ হোয়াইনে গাঞ্জের বাস ভবনে তারা এ বৈঠক করেন।’
গত আগস্টে গাঞ্জ আব্বাসের সাথে আলোচনার জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের সদর দপ্তর সফর করেন। বিগত কয়েক বছরের মধ্যে এ ধরনের উচ্চ পর্যায়ের এটি ছিল প্রথম বৈঠক।
তবে ওই আলোচনার পর ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ‘ফিলিস্তিনের সাথে কোন শান্তি প্রক্রিয়ার আলোচনা চলছে না।’
ফিলিস্তিনি সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রী হোসাইন আল-শেখ বুধবার (২৯ ডিসেম্বর) টুইটার বার্তায় বলেন, ‘আব্বাস বেনি গাঞ্জের সাথে সাক্ষাত করেছেন। এ সময় তিনি একটি রাজনৈতিক বলয় সৃষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যা আন্তর্জাতিক প্রস্তাব অনুযায়ী রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যাবে।’
এ দুই নেতা বসতি গড়ে তোলার কারণে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির বিষয়েও আলোচনা করেন। এ বৈঠকে নিরাপত্তা, অর্থনীতি ও মানবাধিকার ইস্যু নিয়েও আলোচনা হয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন