বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

বাজারে টিকে থাকতে পণ্যের ব্র্যান্ডিং করতে হবে

শনিবার, জানুয়ারী ১, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 01T185542.068

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্ব বাজারে নিজেদের পণ্যের বাজার ধরে রাখতে পণ্যের কেমন চাহিদা, কোনটির মান কোন ক্ষেত্রে বাড়ানোর সুযোগ রয়েছে, সেদিকে দৃষ্টি দিতে হবে। অর্থাৎ নিজস্ব ব্র্যান্ডিং সৃষ্টি করে এগিয়ে যেতে হবে।’

শনিবার (০১ জানুয়ারি) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকার প্রধান বলেন, ‘পণ্যে বিশ্ব বাজারে প্রতিষ্ঠিত করতে এর গুণগত মান সঠিক রাখতে হবে। নতুন নতুন ধারণার জন্ম দিতে হবে। গবেষণার মাধ্যমে পণ্যের বৈচিত্রায়ন করতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের পণ্যের চাহিদা এবং মান বিশেষভাবে নিরুপন করা এবং রপ্তানির ক্ষেত্রে পণ্যের মান ধরে রাখার বিষয়ে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প মালিক এবং উদ্যোক্তদের আমি অনুরোধ করবো আপনারা নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে।’

তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্য যাতে আরও সহজভাবে করা যায় সেজন্য দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি এবং সমন্বিত অর্থনৈতিক চুক্তি সম্পাদনের লক্ষ্যে ২৩ দেশের বিষয়ে সম্ভাব্য সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। যা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অর্জনকে ধরে রেখে সামনের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগীতা করবে।’

এসময় প্রধানন্ত্রী দেশকে এগিয়ে নিতে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সময় কিন্তু আমাদের, সময় এখন বাংলাদেশের, সে কথা মনে রাখতে হবে। আর সেই সুযোগটাও আমাদের নিতে হবে।’

এসময় পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

প্রথমবারের মতো নতুন ও স্থায়ী ঠিকানা ঢাকার অদূরে পূর্বাচলে শুরু হয়েছে মাসব্যাপী ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।  ছুটির দিনে দর্শনার্থীদের জন্য রাত ১০টা পর্যন্ত মেলার দ্বার উন্মুক্ত থাকবে। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন