শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে নিজস্ব ব্রান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে

বুধবার, জানুয়ারী ১২, ২০২২

প্রিন্ট করুন
প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে নিজস্ব ব্রান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে 1

ঢাকা: প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে নিজস্ব ব্রান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘শুধু গাড়ি সংযোজন নয়, আমরা বাংলাদেশে গাড়ি উৎপাদন করব। বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য ইতিমধ্যে মিতসুবিশি মোটরসের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে।

শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‍‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রকল্পে’ গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঞা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয় বঙ্গবন্ধুর হাতে গড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ হতে গাড়ি কিনে প্রতিষ্ঠানকে উত্তরোত্তর অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে।’

এ প্রকল্পের জন্য গত ৩০ নভেম্বর প্রতিটি মিতসুবিসি এল-২০০ ডাবল কেবিন পিক-আপ ৪৩ লাখ ৫০ হাজার টাকা দামে ৭৩টি ডাবল কেবিন পিক-আপ মোট ৩১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কার্যাদেশ দিয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) গাড়িগুলো প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে প্রকল্প সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়।

ইমরান আহমদ বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরির একটি ভাল উপায় ড্রাইভিং শেখানো। আমরা প্রশিক্ষণ দিয়ে এক লাখ দাখ ড্রাইভার তৈরির চেষ্টা করছি। শিল্প মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ব্যাপারে একযোগে কাজ করার জন্য সমঝোতা স্মারক সই করতে পারে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন