শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি হলেন রাবাব ফাতিমা

বৃহস্পতিবার, জানুয়ারী ১৩, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 87 1

ঢাকা: ২০২২ সালের জন্য সর্ব সম্মতিক্রমে ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির পাঁচ সদস্য বিশিষ্ট ব্যুরোর এ নির্বাচন মঙ্গলবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত আর্জেন্টিনা, ইউক্রেন, আইসল্যান্ড ও সিয়েরালিওনের স্থায়ী প্রতিনিধিরা।

জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১২ জানুয়ারি) জানানো হয়, এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রথম বারের মত ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করল। নির্বাহী বোর্ড ইউএন উইমেনকে কৌশলগত দিক-নির্দেশনা দিয়ে থাকে। জাতিসংঘের এ সংস্থাটি লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত। বোর্ডের সভাপতি হিসেবে বাংলাদেশ ইউএন উইমেনের কাজকে আরো বেগবান করতে অবদান রাখার সুযোগ পাবে।

উদ্বোধনী বক্তৃতায় ফাতিমা তাকে নির্বাচিত করার জন্য বোর্ড-সদস্যদের ধন্যবাদ জানান। সারা বিশ্বে বিশেষ করে করোনা মহামারির এ সময়ে নারী ও মেয়েরা যে সব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তা মোকাবিলায় ইউএন উইমেনের বোর্ড সদস্যরা বাংলাদেশের নেতৃত্বের প্রতি যে আস্থা রেখেছেন, সে জন্যও তাদের ধন্যবাদ জানান তিনি।

ফাতিমা বলেন, ‘এক মুহূর্ত বিলম্ব করার মত সময় আমাদের হাতে নেই। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, করোনার ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের পরিকল্পনায়ই লিঙ্গ-সমতা নিশ্চিত করা হয়েছে এবং সব অংশীজন অর্থাৎ সরকারি, বেসরকারি খাত ও এনজিওগুলো তা বাস্তবায়নে এক সাথে কাজ করছে। এ ছাড়া ইউএন উইমেনকে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ও সম্পদ সরবরাহ করতে হবে, যাতে প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জ মোকাবিলার সব প্রচেষ্টায় অগ্রভাগে থাকতে পারে।’

ফাতিমা আশ্বস্ত করেন, নতুন নির্বাহী বোর্ড চ্যালেঞ্জিং এ সময়ে ইউএন উইমেনের কাজকে আরো এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রাখা এবং নারী ও মেয়েদের জন্য নিবেদিত বিশ্বের শীর্ষ স্থানীয় ও চ্যাম্পিয়ন প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হওয়ার জন্য ইউএন উইমেনের প্রশংসা করেন। তিনি বিশ্বব্যাপী কর্মরত ইউএন উইমেনের সব কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। যারা মহামারির এ চ্যালেঞ্জের মধ্যেও নিষ্ঠা, একাগ্রতা ও সাহসের সাথে তাদের উপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত সিমা বাহাউস নব নির্বাচিত সভাপতিকে স্বাগত জানিয়ে বলেন, ‘ইউএন উইমেনের নতুন সভাপতির অভিজ্ঞতা ও প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।’ তিনি বাহাউস আশাবাদ ব্যক্ত করেন যে, ফাতিমা ব্যুরোর দিক নির্দেশনা দেয়ার মাধ্যমে ইউএন উইমেনের কাজে নেতৃত্ব দেবেন।

এর আগে ফাতিমা ২০২০ সালে ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতি ও ২০২১ সালে ইউএনডিপি/ ইউএনএফপিএ/ ইউএনওপিএসের এক্সিকিউটিভ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন