রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

বিএনপির রাজনীতি খালেদা-তারেকের জন্য

বৃহস্পতিবার, জানুয়ারী ১৩, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 93 1

ঢাকা: ‘আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য, আর অন্যদিকে বিএনপি’র রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি নিয়ে।’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (১২ জানুয়ারি) বিকালে ঢাকার উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনে করেন, আমাদের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। তাই আমাদের কাছে রাজনীতি একটি ব্রত। সেই ব্রত হচ্ছে দেশ, মানুষ ও সমাজের সেবা করা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটি অনুশীলন করে বলেই করোনা মহামারির মধ্যে সারা দেশে আমাদের পক্ষ থেকে কোটি কোটি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এখনো আমাদের নেতাকর্মীরা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়িয়েছে ও শীতবস্ত্র বিতরণ করছে।’

‘অন্য দিকে, আরেকটি দল বিএনপির কাছে জনগণের সমস্যা কোন সমস্যা নয়’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘তাদের কাছে সমস্যা হল খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি। আর তাদের কথা, খালেদা জিয়ার স্বাস্থ্য শুধু বিদেশে নিলেই ভালো হবে। অথচ এর আগেও তিনি দেশের ডাক্তারদের চিকিৎসাতেই ভাল হয়েছেন এবং এবারো তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তিনি এখন কেবিনে এসেছেন, আমি এ জন্য ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি তিনি সহসাই সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে যান।’

‘কিন্তু আমরা দেখতে পেলাম, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ধুঁয়া তুলে বিভিন্ন জেলায় বিএনপি সমাবেশ করছে, সেই সমাবেশে নিজেদের মধ্যে মারামারি করছে আর সেই ভয়ে মানুষ দোকানপাট, ঘরবাড়ির দরজা-জানালা বন্ধ করে রাখছে, আজ সকালেও চট্টগ্রামে বিএনপির সমাবেশে নেতাদের ঠেলাঠেলিতে মঞ্চটাই ভেঙে পড়ে গেছে’ বলেন হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘যে রাজনৈতিক দল নিজেদের সমাবেশের শৃঙ্খলা রাখতে পারে না, সমাবেশ করতে গিয়ে মারামারি করে, মঞ্চ ভেঙে পড়ে, তাদের আতঙ্কে জনগণ দোকানপাট ঘরবাড়ি বন্ধ করে দেয়, তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে মানুষের দেশ ছেড়ে পালানোর উপক্রম হবে, দেশ ফের জঙ্গিদের অভয়ারণ্য হবে। সুতরাং তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে।’

হাছান এ সময় উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেন, ‘করোনার মধ্যে, এ শীতেও সব সময় শেখ হাসিনার নৌকা মার্কার আওয়ামী লীগই তাদের পাশে ছিল ও আছে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসানের আয়োজনে অনুষ্ঠানে দলীয় নেতাদের মধ্যে মতিউর রহমান মতি, আজিজুল হক রানা, মিজানুল ইসলাম মিজু বক্তব্য দেন। সভা শেষে অতিথিরা উপস্থিত সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন