চলমান ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মারামারির ঘটনায় মামলা দায়ের করেছে বিএনপি। অন্যদিকে, সমঝোতার প্রস্তাব দিয়ে মামলা প্রত্যাহার করে আলোচনার আহবান জানিয়েছে আওয়ামী লীগ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শেখ হাসিনার সফরের পক্ষে ও বিপক্ষে কর্মসূচি চলার সময় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, হাতাহাতি, ধ্বস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এতে আহত হন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট তরিকুল্লাহ চৌধুরী দীপু, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও বিএনপি নেতা ফরিদ উদ্দিন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বাদি হয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের স্থানীয় প্রিসেন্টে মামলা দায়ের করেছেন তরিকুল্লাহ চৌধুরী দীপু। মামলায় আওয়ামী লীগের ২০-২৫ নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। পুলিশ বলছে, তারা ঘটনার ভিডিও ফুটেজ দেখে আইনানুগ ব্যবস্থা নেবেন।
এ দিকে, মামলার প্রেক্ষীতে সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগের নেতারা। বিদেশের মাটিতে শান্তি চান উল্লেখ করে তারা সমঝোতার প্রস্তাব দেন। মামলা প্রত্যাহার করে আলোচনায় বসার জন্য তারা বিএনপি নেতাদের আহবান জানান।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু বলেন, ‘তারা আমাদের পোস্টার ছিঁড়েছে। মেরে তিনজনকে আহত করেছে। তবে এ ঘটনায় যুুক্তিরাষ্ট বিএনপি মামলা করে নি। আক্রান্তরা মামলা করেছে।’
এ দিকে, মারামারি ও মামলা দায়েরের ঘটনায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাঙালি পাড়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় এ দুই দলের নেতা-কর্মীরা সংঘর্ষে লিপ্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা আশংকা করছেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন