শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

এরিক অ্যাডামসই নিউইয়র্ক সিটির নতুন নগর পিতা

বৃহস্পতিবার, নভেম্বর ৪, ২০২১

প্রিন্ট করুন
received 310498793869953 1 1

চলমান ডেস্ক: রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে আমেরিকার নিউইয়র্ক সিটির নতুন নগর পিতা নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তা ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী এরিক অ্যাডামস। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরটি পরিচালনার জন্য দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিত সিটি নির্বাচনে তার রিপাবলিকান প্রতিপক্ষ কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটে পরাজিত করে এরিক। বর্তমান মেয়র বিল ডি ব্লাজিওর মেয়াদ ডিসেম্বরেই শেষ হচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আরো পড়ুন: নিউইয়র্ক সিটি নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন দুই বাংলাদেশি নারী

জয়ের পর এরিক এক বক্তব্যে বলেন, ‘আমরা এখন অনেক বিভক্ত। আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।’

এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির সাবেক পুলিশ ক্যাপ্টেন। তিনি ডেমোক্রেটিক দলের ব্রুকলিন বরো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগে রাজ্য সিনেটর হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

১৯৬০ সালে কুইন্সে জন্মগ্রহণ করেন অ্যাডামস। তার মা একজন পরিচ্ছন্নকর্মী ও বাবা একজন কসাই হিসেবে কাজ করতেন। ২০০৬ সালে তিনি পুলিশের চাকরি থেকে অবসর নেন। এরপর সিনেটর নির্বাচিত হন তিনি। ২০১৩ সাল সিনেটরের দায়িত্ব পালন করেন।

অ্যাডামস একজন কিশোর হিসেবে পুলিশ কর্মকর্তাদের হাতে মারধরের বর্ণনা দিয়েছিলেন। সে সময় তাকে অনুপ্রবেশের জন্য গ্রেফতার করা হয়েছিল। পরে যখন তিনি পুলিশে যোগ দেন, তখন তিনি বিভাগের একজন সোচ্চার সমালোচক ছিলেন, কৃষ্ণাঙ্গ কর্মকর্তাদের পক্ষে কথা বলতেন ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন।

আরো পড়ুন: নিউইয়র্ক সিটির কাউন্সিলর হলেন নায়িকা পূর্ণিমার বোন

গত বছর কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের ঘটনার পর যুক্তরাষ্ট্রের পুলিশের অপরাধবিষয়ক ইস্যুগুলো জনসম্মুখে চলে আসে। আইন প্রয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। কখন ও কোথায় পুলিশ কর্মকর্তাদের প্রয়োজন বা কখনো কখনো তাদের আদৌ প্রয়োজন কিনা সে প্রশ্নগুলোকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। এবার সাবেক পুলিশ ক্যাপ্টেন মেয়র নির্বাচিত হওয়ায় বাহিনীটির ভাবমূর্তি আবারো ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।

নিউইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন ডেভিড ডিনকিনস। তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার পরে প্রায় ৩০ বছর পর ফের কৃষ্ণাঙ্গ মেয়র পেল নিউইয়র্কবাসী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন