রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিটে বাংলাদেশে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত

বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১

প্রিন্ট করুন
243350311 1005166196930222 2578400686358071061 n 1

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে উদ্বোধন হয়েছে এনআরবি সিআইপিদের দুই দিনব্যাপী ‘দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট-২০২১’। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুবাইয়ের ক্রাউন প্লাজায় দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এবারের সামিটের প্রতিপাদ্য ‘কানেক্ট ইয়োর বিজনেস’। বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি, বিনিয়োগ ও রেমিট্যান্সসহ ব্যাপক সম্ভাবনার বিষয়গুলো বিশ্ববাজারে তুলে ধরা এবং পৃথিবীর বিভিন্ন দেশে বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থান সুসংহত করার লক্ষ্যেই এ সামিটের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী এ সামিটে বক্তারা জানান, দেশে বিনিয়োগ ও রেমিট্যান্স বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও ধারণা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এবং কূটনৈতিক কর্মকর্তাসহ প্রায় ২০০ টিরও বেশি বিনিয়োগকারী এবং সারা বিশ্বের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা বিনিয়োগ ও রেমিট্যান্সের সুযোগ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, ডিজিটাল বাংলাদেশ এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, ‘আমাদের প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করছে। ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স তারা মহামারি চলাকালীন সময়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে রেকর্ড উচ্চতায় উন্নীত করতে সাহায্য করেছে।’

দেশের বিনিয়োগ ও রেমিট্যান্স বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.২% হবে। ২০২১ কোভিড-১৯ অর্থবছরে বৈদেশিক বাণিজ্য ছিল ৯৭ বিলিয়ন ডলার। প্রতিবছর বাংলাদেশ সরকার শীর্ষ রেমিট্যান্স প্রেরকদের সম্মানীত করে। এটি বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানের স্বীকৃতি।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে এক মিলিয়নেরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। দেশটি মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত এক দশকে বাংলাদেশ বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে রয়েছে। বর্তমানে জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে ২০২৬ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে আছে।’

এর সাথে যোগ করে মন্ত্রী আরও বলেন, ‘সরকারের জনগণপন্থী নীতি, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি কৌশল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব আমাদের জনগণ ও অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এগুলো আমাদের সাফল্যের রহস্য।’

এবারের দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করেছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। এনআরবি সিআইপি এসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান বলেন, ‘এনআরবিরা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদানকারী। শুধু রেমিটারের হিসাবেই নয়, বিনিয়োগকারী এবং বাংলাদেশ পণ্যের আমদানিকারক হিসেবেও (তারা যে দেশে বসবাস করে) তাদের অবদান রয়েছে। এনআরবিরা বাংলাদেশের রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি করতে সাহায্য করছে। আগামীতেও এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে বৃহত্তর ভূমিকা পালন করবে।’

সামিটে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়াও আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া ও আফ্রিকা অঞ্চলসহ প্রায় ৩২টি দেশের প্রবাসী ব্যবসায়ীরা অংশ নেয়।এছাড়াও দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সামিট বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিমুখী বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। দুবাই বিজনেস সামিটে বাংলাদেশি লিডিং ম্যাগাজিন ‘বিজনেস আমেরিকা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দিনব্যাপী এ বিজনেস সামিটের আজ ছিল প্রথম দিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন