শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

প্রিন্ট করুন
demons ny 01 1

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নিউইয়র্ক প্রবাসী সাংবাদিকবৃন্দ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশ নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিকসহ সকল মিডিয়াকর্মিরা উপস্থিত হয়ে আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে তারা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

গত বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিউইয়র্কের কুইন্স প্যালেসে আওয়ামীলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরে এবারের অর্জনটা কী এমন একটি প্রশ্ন করায় উপস্থিত আওয়ামীলীগের নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রবাসী সাংবাদিক ফরিদ আলমের ওপর অতর্কিত হামলা চালায়। ফরিদ আলম নিউইয়র্ক ভিত্তিক নতুন টিভি চ্যানেল (নিউজ কম্যুনিকেশন নেটওয়ার্ক) এনসিএন’র নির্বাহী সম্পাদক ও হেড অব অপারেশনের দায়িত্ব পালন করছেন।

সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতাশীল সরকারি দলের সংবাদ সম্মেলনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনই সাংবাদিক সমাজ মেনে নেবে না। সংবাদ সম্মেলনের বিষয় বস্তুর ওপর যে কোন প্রশ্ন করার অধিকার সাংবাদিকদদের রয়েছে। উত্তর দিতে না পারাটা আয়োজকবৃন্দের ব্যর্থতা। এর জন্য প্রশ্নের জবাব না দিয়ে সম্মেলনের ভেতরেই কোন সাংবাদিকের ওপর হামলা সত্যিই ন্যাক্কারজনক ঘটনা। কোন দলের কাছ থেকে সাংবাদিকরা এটা কখনই আশা করেন না। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা না হলে সরকারি দলের সংবাদ বর্জনসহ আরও বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে উপস্থিত সাংবাদিকরা উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের উপর বুধবার নিউইয়র্কের কুইন্স প্যালেসে সাংবাদিক সম্মেলন আহবান করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি ও দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া। এ সময় তাদের সাথে মঞ্চে উপবিষ্ট ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ২ ডজনেরও বেশি নেতাকর্মী।

প্রধানমন্ত শেখ হাসিনার জাতিসংঘ সফরের নানা সফলতা নিয়ে কথা বলেন আওয়ামীলীগের নেতাকর্মিরা। এরপর প্রবাসী সাংবাদিকরাও একের পর এক প্রশ্ন করেন। এক পর্যায়ে এনসিএন’র সাংবাদিক ফরিদ আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরে এবারের অর্জনটা কী এমন একটি প্রশ্ন করে বসেন।

তিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি ও দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়ার কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪১ জনের বহর নিয়ে যুক্তরাষ্ট্রে আসা এবং বসার বেঞ্চ উদ্বোধন, বঙ্গবন্ধুর নামে গাছ লাগানো এসব নাম সর্বস্ব কর্মসূচি ছাড়া করোনার মধ্যে এই বিশাল বহর নিয়ে সফরের প্রাপ্তি কী? তার এমন প্রশ্নে তেলেবেগুনে জ্বলে উঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। শারীরিকভাবে হামলার শিকার হন তিনি। সংবাদ সম্মেলনে এনসিএন’র মাইক্রোফোন দেখেই নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরসঙ্গী। এক পর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজন নেতা তেড়ে আসে সাংবাদিক ফরিদ আলমের প্রতি এবং অতর্কিত হামলা চালানো হয়। উপস্থিত অন্য সাংবাদিকরা এ সময় মানববর্ম রচনা করে তাকে বাচানোর চেষ্টা করেন।

এদিকে, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক ফেসবুক বার্তায় গত ২২ সেপ্টেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসী নাগরিক সংবর্ধনা প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং-এ অনভিপ্রেত ঘটনার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন কেন্দ্রীয় নেতা সংসদ সসদ্য ড. আব্দুস সোবহান গোলাপের আহ্বান উপেক্ষা করে যারা বিশৃংখলা সৃষ্টি করে প্রেস ব্রিফিং-এর সৌন্দর্যহানি করেছে তাদের কর্মকান্ডের নিন্দা জানানোর পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের কাছে উদ্ভূত পরিস্থিতির জন্য দু:খ প্রকাশ করে ভবিষতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার প্রতিশ্রুতি দিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন