শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

বুধবার, মে ২৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) এ ঘটনা ঘটে।

টেক্সাস অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটি এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে,সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক তরুণ পুলিশেে গুলিতে নিহত হয়েছেন।

এর আগে অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছিলেন, গুলিতে ১ শিক্ষক ও ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক তরুণ ওই হামলা চালিয়েছেন।

গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে গ্রেগ অ্যাবোট বলেন, ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।

গ্রেগ অ্যাবোট বলেন, বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিলেন। তার হাতে একটি বন্দুক ছিল। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরেকটি রাইফেল ছিল।

এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, আজ বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

উভালদের পুলিশ কর্মকর্তা পিট আরেদোন্দো জানিয়েছেন, যারা নিহত হয়েছে, তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়গুলোয় যারা এসব শ্রেণিতে পড়ে, তাদের বয়স সাধারণত ৭ থেকে ১০ বছরের মধ্যে হয়ে থাকে।

এ হামলা ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে গুলি চালানো হয়। এতে ১০ জন নিহত হয়। ওই সময় যিনি গুলি চালিয়েছিলেন, তার বয়সও ছিল ১৮ বছর। পুলিশ ধারণা করছে, সেটি ছিল বিদ্বেষপ্রসূত অপরাধ।

সন্তান হারিয়ে দিশেহারা:

প্রতিদিনের মতো গতকালও বেশ হাসিমুখ বিদ্যালয়ে গিয়েছিলো জেমস, এলেক্স ও রবার্টদের মতো এরকম অনেক শিক্ষার্থী। তবে তাদের কেউ নিরাপদে ঘরে ফিরেছে আবার কারো রক্তমাখা নিথর দেহ এসেছে বাড়িতে। আবার কেউ ঘাতকের হামলার মুখ থেকে ফিরে আসলেও কোন মতেই যেন কাটছেনা ভয়। আর সন্তান হারিয়ে পিতা-মাতাদের আর্তনাদে যেন আকাশ ভেঙ্গে পড়ছে টেক্সাসের অলিতে গলিতে। জীবনের ফুল ফোটার আগেই প্রিয় সন্তানের প্রস্থান কোন ভাবেই মানতে পারছেন না অভিভাবকরা।

সন্তান হারিয়ে দিশেহারা এক মা বলেন, স্কুলে গুলির খবর শুনে আমি থিতু হতে পারি নি। অফিস ছেড়ে দ্রুত বিদ্যালয়ে যাই। সেখানে সন্তানকে না পেয়ে হাসপাতালের পথে পাড়ি দেই। আর সেখানেই সন্তানের রক্তাক্ত নিথর দেহ খুঁজে পান তিনি।

শুধু তিনি নন, এদিন আরো অনেক অভিভাবক সন্তান হারানোর বেদনায় কেঁদেছেন। কেউ কেউ সন্তান হরালেও এমন ঘটনায় বেশ ভীত ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিভাবকদের দাবি করেছেন, শহরের রাস্তাঘাট ও বিদ্যালয়গুলো নিরাপদ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো কঠিন করতে হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের স্কুলে এর আগেও হামলা হয়েছে। তবে বিগত ১০ বছরে যেসব হামলা হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম টেক্সাসের এ হামলা। এর আগে ২০১২ সালে কানেটিকাটে একটি স্কুলে হামলা চালানো হয়। ওই হামলা ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়। নিহত ওই শিশুদের বয়স ছিল ৫ থেকে ১০ বছরের মধ্যে। এ ছাড়া ২০১৮ সালে ফ্লোরিডার একটি স্কুলে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৭ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন