শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

বার বার বন্দুক হামলার জন্য আইনের দুর্বলতাকেই দুষলেন বাইডেন

বুধবার, মে ২৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১শিশুসহ ২১ জনের মর্মান্তিক  হত্যাকাণ্ডের পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর দ্য গার্ডিয়ানের।

আবেগঘন বক্তব্যের শুরুতেই বাইডেন বলেন, ‘আরো একটি গণহত্যা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমি আশা করেছিলাম, আমাকে আর এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে না।’

বন্দুক হামলায় শিশু শিক্ষার্থীদের প্রাণহানির প্রসঙ্গ তুলে ১৯৭২ সালে এক সড়ক দুর্ঘটনায় প্রথম স্ত্রী ও শিশুকন্যাকে হারানোর দুঃখের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন বাইডেন। বলেন, ‘সন্তান হারানো নিজের আত্মার একটি অংশ ছিঁড়ে ফেলার মত। বুকের ভেতর একটা শূন্যতা ভর করে, যা আপনাকে সারা জীবন তাড়া করে ফিরবে। আপনার জীবন আর কখনোই আগের মত হবে না।’

টেক্সাসে হামলার প্রেক্ষাপটে কড়া সুরে যুক্তরাষ্ট্রে অস্ত্র আইনের প্রয়োজনীয়তা নিয়েও মন্তব্য করেন বাইডেন। সম্প্রতি বাফলোতেও বন্দুক হামলার কথা উল্লেখ করেন তিনি।

এ সময় উভয় ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ঘটনা দুইটি আলাদা। তবে টেক্সাস ও বাফেলো ‍দুই জায়গাতেই ১৮ বছর বয়সী দুই তরুণ হামলা চালিয়েছে। এ সংক্রান্ত আইনের দুর্বলতার কারণেই তারা অস্ত্র কিনতে পেরেছে এবং এ ধরনের জঘন্য অপরাধ ঘটাতে সক্ষম হয়েছে।’  

বাইডেন আরো বলেন, ‘আমরা কেন এসবের বিরুদ্ধে দাঁড়াচ্ছি না? কেন আমরা এ হত্যাকাণ্ডের সাথে বাঁচতে চাই? কেন আমরা এ ধরনের ঘটনা ঘটতে দিচ্ছি?’  

সন্তান হারানোর শোককে শক্তিতে পরিণত করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘দেশের সব নির্বাচিত প্রতিনিধির কাছে আমাদের এটা পরিস্কার করতে হবে যে, এখনই কাজ করার (অস্ত্র আইন নিয়ে) সময়। যারা অস্ত্র আইন বাস্তবায়নে বাধা দেয়, তাদের বলতে চাই- মনে রাখবেন, আমরা এসব ভুলব না।’  

এশিয়া সফর শেষে হোয়াইট হাউসে ফেরার পরপরই জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  

মঙ্গলবার (২৪ মে) সকার সাড়ে ১১টার দিকে টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশের গুলিতে মারা গেছেন হামলাকারী। তিনি ওই স্কুলটির সাবেক শিক্ষার্থী। ঘটনাস্থলে আসার আগে ১৮ বছর বয়সী ওই তরুণ তার দাদিকেও গুলি করে ও তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।  

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের স্মরণে তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।  

পুলিশ জানায়, সান আন্তোনিও শহর থেকে প্রায় ৮৫ মাইল দূরে অবস্থিত উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে প্রবেশ করে এক বন্দুকধারী। এ সময় রাইফেল হাতে স্কুল ভবনটির ভেতরে শিক্ষার্থী ও শিক্ষকদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ওই হামলাকারী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের, যার  অধিকাংশই শিশু। আহত হন আরো বেশ কয়েকজন।  

খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।    

এ ঘটনার পর হাতহতের বিষয়টি নিশ্চিত করেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। একই সাধে প্রকাশ করা হয় হামলাকারীর নামও। ১৮ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম সালভাদর রামোস বলে জানা গেছে। তিনি ওই স্কুলের সাবেক শিক্ষার্থী বলেও জানানো হয়।

ভয়াবহ এ হামলার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও, ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ ও এফবিআই।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন