নিউইয়র্ক: টিভি সাংবাদিকতার জন্য বাচনশৈলী, কণ্ঠমাধুর্য্য ও সাবলীল উপস্থাপনা দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পূর্বশর্ত বলে মনে করেন সিফাত আরা তাবাসসুম। সংবাদ পাঠ ও অনুষ্ঠান উপস্থাপনায় দক্ষ হয়ে ওঠা তাবাসসুমের মতে, বাংলাদেশে নতুন নতুন টিভি চ্যানেল এসেছে। নতুন ক্ষেত্রের সাথে সম্ভাবনা আর চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে। সময়ের সাথে সাথে নিজেকে নতুন করে তৈরি করতে না পারলে সংবাদ মাধ্যমে এখন টিকে থাকা দুরূহ।
সম্প্রতি গণ মাধ্যমকে নিজের সম্পর্কে তাবাসসুম জানান, তার সংবাদ পরিবেশনা শুরু হয় টিভি চ্যানেল জিটিভি দিয়ে। জিটিভির অন্যতম সংবাদ পাঠিকা হিসাবে কাজ করেছেন। পাশাপাশি দেশের নানা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন প্রশিক্ষক হিসাবে।

সিফাত আরা তাবাসসুম একজন বাংলাদেশের সংবাদ পাঠিকা, সাংবাদিক, উপস্থাপক। প্রায় এক দশক থেকে সাংবাদিকতা ও সংবাদ পাঠ করতে গিয়ে দেশে ও দেশের বাইরে এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছেন তাবাসসুম। বর্তমানে ছুটিতে আমেরিকায় অবস্থান করা সিফাত আরা তাবাসসুম প্রবাসের বাংলা সংবাদ মাধ্যমের হালচাল দেখছেন। অভিজ্ঞতা বিনিময় করছেন। চেষ্টা করছেন প্রবাসে বাংলাদেশী জন সমাজের নানা বিষয়কে অনুধাবন করতে। নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিসহ আমেরিকার গুরুত্বপূর্ণ জনপদ ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেকে সমৃদ্ধ করছেন।
চলতি বছরে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসাবে বাংলা টিভিতে যোগ দিয়েছেন তিনি। এখানেও তাবাসসুম তার প্রতিভার সই রেখেছেন। সংবাদ পাঠ ও অনুষ্ঠানের স্ক্রিপ্ট লেখা আর উপস্থাপনার কাজ করছেন। অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রেও তার নিজস্ব স্টাইল রয়েছে বলে মনে করেন তার অনুরাগীরা। ক্যারিয়ারের এতগুলো বছর অত্যন্ত সফলতার সাথে পার করে এসেও নিজেকে নতুন করে গড়ে তোলার তাগিদ প্রতি মুহূর্তেই অনুভব করেন তাবাসসুম। সাবলীল উপস্থাপনা ও সংবাদ পরিবেশনায় সেরা তাবসসুম। এর জন্য তিনি পেয়েছেন রিহ্যাব বর্ষ সেরা সংবাদ পাঠিকা পুরস্কার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অ্যাওয়ার্ড, বাংলাদেশ ক্যাবল টিভি অ্যাওয়ার্ড ও প্রেজেন্টার্স সোসাইটি অব বাংলাদেশ অ্যাওয়ার্ড। পেয়েছেন ওয়াসিংটনে ফোবানা পদক ও নিউইয়র্কে ঢালিউড পদক।
সম্প্রতি তিনি নিউইয়র্কে বাংলা টিভি চ্যানেল টাইমস টিভি ও টিবিএন-২৪ এর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে বর্ণনা করেছেন তার অভিজ্ঞতার কথা। আমেরিকার বাঙালি জনসমাজে নিজের অভিজ্ঞতা বিনিময় নিয়ে উচ্ছ্বসিত তাবসসুম জানালেন, দেশ যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি দেশের বাইরে স্বদেশী জন সমাজের এগিয়ে যাওয়া কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আমেরিকা সফরে। তার এ অভিজ্ঞতা পেশাগত জীবনকে আরো সমৃদ্ধ করবে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন