শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে লেকে ডুবে ২ বাংলাদেশির মৃত্যু,শঙ্কায় আরও একজন

বুধবার, আগস্ট ৩১, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাস্ট্রর নিউইয়র্ক সিটির বেলরোজ থেকে আপস্টেট নিউইয়র্কে ভ্রমণে গিয়েছিলেন ভাইবোন ও বোনের জামাই। আর এই যাত্রাই যেন জীবনের অন্তিম গন্তব্য। একে একে লেকের পানিতে ডুবে মারা গেছেন ওই পরিবারের দুই সদস্য৷ আর এখনও জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন আরেকজন।

গত রোববার (২৮ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের আপস্টেট নিউইয়র্কের বেথেল টাউনে সমুদ্র সংলগ্ন হোয়াইট লেকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হতাহত সবাই যুক্তরাষ্ট্রস্থ কুমিল্লা জেলার বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রুহুল আমীনের পরিবারের সদস্য।

এতে নিহতরা হলেন— রুহুল আমীনের জামাতা আফরিদ হায়দার (৩৪) এবং ছোট ছেলে বাছির আমীন (১৮) লেকের পানিতে ডুবে মারা যান। রুহুল আমিনের ছোট মেয়ে নাসরিন আমীনকে (২১) পানি থেকে উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় গারনেট হাসপাতালে।

জানা গেছে, লেকের ধারে একটি বাসা ভাড়া করেন আফরিদ হায়দার। স্ত্রী নাঈমা, শ্যালিকা-শ্যালকসহ পরিবারের সকলকে নিয়ে ২৭ আগস্ট ঐ বাসায় উঠেন অবকাশ যাপনের জন্য । পরদিন রোববার সকালে নাস্তার পর তিনজন নামেন লেকে। দু-তিন ঘন্টা তারা লেকের পানিতে আনন্দ- উল্লাস করেন। এমন সময় প্রথমে বাছির হঠাৎ পানিতে ডুবে যেতে থাকলে বোন জামাই আফরিদ তাকে উদ্ধার করতে নামে। কিন্তু তাদের একজনও বেঁচে ফিরেন নি। আর ভাই এবং বোন জামাইকে ডুবতে দেখে লেকে ঝাঁপিয়ে পড়েন নাসরিনও। পরে তাকে জীবিত উদ্ধার করা হলেও মারা যান বাছির ও আফরিদ। গত বছর ১৮ সেপ্টেম্বর আফরিদ হায়দারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাঈমার। তবে তিনি পানিতে নামেননি বলে বেঁচে গেলেও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় । আফরিদ নিউইয়র্ক সিটির এস্টোরিয়ার বাসিন্দা আরজু হায়দার দম্পতির একমাত্র পুত্র সন্তান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ সময় লেকের উপরিভাগের পানি কিছুটা উষ্ণ থাকলেও গভীরে খুবই ঠাণ্ডা থাকে। ওই ঠাণ্ডা পানির সংস্পর্শে এলে শরীর অবশ হয়ে যায়, ফলে তীরে ফেরা কঠিন হয়ে পড়ে। লেকের এ চরিত্রের কথা হয়ত ওই পরিবারের সদস্যরা জানতেন না।

এই বিষয়ে নিহত বাছিরের বাবা বদরুল আজাদ বলেন, মঙ্গলবার দুপুরে নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে বাছির ও আফরিদের জানাজা হবে। তাদের দাফন করা হবে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম গোরস্থানে।

নিউইয়র্কের সুলিভান কাউন্টি দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তিন ব্যক্তি ডুবে যাবার সংবাদ জানার পরই ডুবুরিরা উদ্ধার অভিযান চালায় এবং তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়েও আফরিদ এবং বাছিরকে বাঁচাতে পারেননি।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন