সিএন প্রতিবেদন: কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার আগেই দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এ তথ্য জানান।
তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আসন্ন হামলার ব্যাপারে আগে থেকে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ঘনিষ্ঠ সহযোগী স্টিফ উইটকফের মাধ্যমে দোহাকে সতর্কবার্তা দেন। এ ছাড়া কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি থেকেও হামলার আগাম বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল।
ক্যারোলিন লিভিট আরও জানান, হামলার পরপরই কাতারি নেতাদের ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে এ ধরনের হামলা আর ঘটবে না।
প্রসঙ্গত, গাজা যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলোর একটি হলো কাতার। যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে দেশটি বর্তমানে আলোচনায় রয়েছে। গতকাল দোহায় হামাস নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকের মধ্যেই ইসরায়েলি বিমান হামলা হয়। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া ও জাহের জাবারিনকে হত্যা করা। তবে তাঁদের বাঁচলেও অন্তত ছয়জন নিহত হন, যাঁদের মধ্যে পাঁচজন হামাস সংশ্লিষ্ট।
হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, হামাসকে নির্মূল করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য অগ্রাধিকারমূলক বিষয় হলেও দোহায় চালানো হামলা সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে না।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন