দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক অভিবাসনবিরোধী বিক্ষোভ, বিদেশিদের ওপর হামলা এবং ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার জেরে গত দুই মাসে ১ লাখ ৬০ হাজারের বেশি বিদেশি নাগরিক দেশটি ছেড়ে নিজ নিজ দেশে ফিরে গেছেন। বিভিন্ন দেশের সরকারের প্রকাশিত প্রত্যাবাসনসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশিদের বিরুদ্ধে চলমান হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং অভিবাসনবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করায় আফ্রিকার বিভিন্ন দেশ জরুরি ভিত্তিতে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। ফলে সরকারি সহায়তায় ও স্বেচ্ছায় হাজার হাজার মানুষ দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেছেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি নাগরিক ফিরে গেছেন জিম্বাবুয়ে ও মালাউইতে। জিম্বাবুয়ে সরকার জানিয়েছে, ৬০ হাজারের বেশি নাগরিক দেশে ফিরেছেন।
মালাউই জানিয়েছে, ৩৮ হাজারের বেশি নাগরিক দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন। এছাড়া নাইজেরিয়া সরকার বিশেষ ব্যবস্থায় প্রায় এক হাজার ৫০০ নাগরিককে ফিরিয়ে নিয়েছে। উগান্ডায় ৯৩৯ জন, কেনিয়ায় ৪৩১ জন এবং কঙ্গো প্রজাতন্ত্রে ৮৬ জন নাগরিক ফিরে গেছেন। মোজাম্বিক, ঘানা, লেসোথো, জাম্বিয়া ও ইথিওপিয়াসহ আরও কয়েকটি দেশের নাগরিকও নিজ দেশে ফিরেছেন, তবে তাদের পূর্ণাঙ্গ সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, উচ্চ বেকারত্ব, অর্থনৈতিক সংকট এবং অবৈধ অভিবাসনকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকায় বিদেশিবিরোধী মনোভাব নতুন করে উসকে উঠেছে। এর ফলে শুধু অনিয়মিত অভিবাসীরাই নন, বৈধ কাগজপত্র থাকা অনেক বিদেশিও নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই ব্যবসা-বাণিজ্য গুটিয়ে অথবা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে মানবাধিকার সংস্থাগুলো বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকা সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অভিবাসীবিরোধী সহিংসতা বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে তারা।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন