ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামীকাল বুধবার চীন সফরে যাচ্ছেন। বেইজিং সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী বেইজিংয়ে ওয়াং ই ও আরাগচির মধ্যে বৈঠক হবে। ইরান-ইসরাইল যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়ার মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, চলমান যুদ্ধের অবসানে চীন মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসন্ন বৈঠকে যুদ্ধ পরিস্থিতি এবং সংঘাত বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গত জুলাইয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন ওয়াং ই ও আরাগচি। গত সপ্তাহান্তে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও দুজন অংশ নেন। সেখানে তাদের সংক্ষিপ্ত সময়ের জন্য কথোপকথন করতেও দেখা যায়।
চীন ইরান ও মধ্যপ্রাচ্যের তেলের অন্যতম বড় আমদানিকারক। ফলে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে তেল সরবরাহে যে বিঘ্ন তৈরি হয়েছে, তা চীনের অর্থনীতিতেও চাপ সৃষ্টি করতে পারে।
এ পরিস্থিতিতে আরাগচির চীন সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। চলমান যুদ্ধ, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং এর বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা বার্তা আসতে পারে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন