সোমবার, ১৮ মে ২০২৬

শিরোনাম

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

সোমবার, মে ১৮, ২০২৬

প্রিন্ট করুন

বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের কক্সবাজার, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জেলার উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।

এরপর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখার সংবাদ ও ঈদুল আজহা উদযাপনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন।

সভা শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৮ মে (১০ জিলহজ) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন