নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, বন্দুকধারীরা নারিডন গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে আট শিশু রয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠী ও অন্যান্য অপরাধী চক্রের সহিংসতা দীর্ঘদিন ধরে বড় ধরনের নিরাপত্তা সংকট সৃষ্টি করেছে। এসব গোষ্ঠীর প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তুতে প্রায়ই পরিণত হচ্ছে স্থানীয় জনপদ।
অন্যদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং তাদের বিচ্ছিন্ন অংশ আইএসডব্লিউএপি-এর সশস্ত্র তৎপরতাও অব্যাহত রয়েছে। তবে কাদুনা রাজ্যের এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
স্থানীয় যুবনেতা ইশায়া দাওয়া জানান, মধ্যরাতের কিছু আগে হামলাকারীরা কাদুনা রাজ্যের কাওরু স্থানীয় সরকার এলাকার নারিডন গ্রামে প্রবেশ করে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। তিনি বলেন, কয়েকজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং অনেক লাশ ইতোমধ্যে মর্গে নেওয়া হয়েছে।
দাওয়া বলেন, নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা রয়েছেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও জানান, হামলার কয়েক ঘণ্টা পর সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র মানসুর হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন