দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের জবাবে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার (১০ জুন) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশসীমায় এই মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয় বলে আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সম্প্রতি দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কিশমি দ্বীপে চালানো মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনভিত্তিক মার্কিন নৌবহরকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসির জানায়, সিরিক শহরের বামানি জেলায় মার্কিন হামলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হওয়ার পর তারা এই পাল্টা পদক্ষেপ নেয়।
আইআরজিসি আরও জানায়, স্থানীয় সময় রাত আড়াইটায় তাদের নৌবাহিনী মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এই ড্রোন অভিযান শুরু করে। বর্তমানেও দুপক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘাত চলছে উল্লেখ করে বিবৃতিতে সতর্ক করা হয়েছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে এর চেয়েও ‘আরও ভয়াবহ জবাব’ দেওয়া হবে।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে তাদের তথাকথিত ‘আত্মরক্ষামূলক’ হামলা সম্পন্ন করার ঘোষণা দেয়। সেন্টকমের দাবি, পূর্বে একটি মার্কিন আর্মি অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালির কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সাইটগুলোতে এই হামলা চালিয়েছিল।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন