চলমান ডেস্ক: সরকার সবার সব সমস্যার সমাধান করে ফেলেবে, এই মুহূর্তে এমন আশা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্য বর্তমানে যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি, সে বিষয়ে সত্য কথা বলে দেশবাসীর আস্থা অর্জন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে ঋষি সুনাক বলেন, সরকার সবকিছু কীভাবে করে? অর্থ ধারের মাধ্যমে করে, যা শেষ পর্যন্ত, যেমনটি আমরা দেখেছি- উচ্চ মূল্যস্ফীতি, বিশ্বাসযোগ্যতা হারানো, সুদের হার বৃদ্ধির দিকে নিয়ে যায়। তাই আমি মনে করি, আপনারা কেন এই পর্যায়ে এসেছেন, সে বিষয়ে মানুষের সঙ্গে সত্ থাকতে হবে। এটিকেই অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, কোনো সরকারই সব সমস্যার সমাধান করতে পারে না। জীবন এত সহজ নয়। এসময় যুক্তরাজ্য জুড়ে পরিবারগুলোর মাসিক খরচ বেড়ে যাওয়ার উদ্বেগের বিষয়েও কথা বলেন দেশটির প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্ধকী বিল নিয়ে মানুষের যে উদ্বেগ তৈরি হয়েছে, তা আমি পুরোপুরি স্বীকার করছি। এটি মানুষের সবচেয়ে বড় খরচগুলোর মধ্যে একটি। তাই এই সমস্যা নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধিকে সীমিত করার জন্য যা করা যায়, তা করছি।
ঋষি বলেন, মার্গারেট থ্যাচার (সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী) ঠিকই বলেছেন, মূল্যস্ফীতি হলো এক নম্বর শত্রু। যাদের আয় সবচেয়ে কম তাদের ওপর মূল্যস্ফীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমি এর লাগাম টেনে ধরতে চাই। পূর্বসূরী লিজ ট্রাসের ক্ষণস্থায়ী শাসনামলে জনগণের মধ্যে যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছিল, তা জরুরি ভিত্তিতে পুনরুদ্ধার দরকার বলে মনে করেন ভারতীয় বংশোদ্ভূত এ নেতা। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারে অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। সেই সময়ে তার গৃহীত করোনাজনিত ক্ষতিপূরণ নীতির কথা উল্লেখ করে এ কনজারভেটিভ নেতা বলেন, প্রশ্ন যখন অর্থনীতি পরিচালনার, অতীত রেকর্ডের কারণেই তার ওপর জনগণ ভরসা করতে পারে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন