মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬

শিরোনাম

ইউক্রেনকে গুচ্ছবোমা দিয়ে যুক্তরাষ্ট্র নিজেকে অপমানিত করেছে: মাস্ক

সোমবার, জুলাই ১৭, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ইউক্রেনকে নিষিদ্ধঘোষিত ক্লাস্টার বোমা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকেই অপমানিত করেছে বলে জানিয়েছেন টেসলা এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর দাবি, এই বোমা চলমান ইউক্রেন সংকট সমাধানে তেমন কোনো ভূমিকাই রাখবে না।

ইলন মাস্ক টুইটারে লেখেন, ‘ইউক্রেনে পাঠানোর মতো স্বাভাবিক গোলাবারুদ ফুরিয়ে গেছে। তাই এখন আমরা সেখানে গুচ্ছবোমার মতো অস্ত্র পাঠাচ্ছি। কিন্তু এর অর্থ হলো, সেখানে (ইউক্রেনে) পরিস্থিতির কোনো পরিবর্তন না আনতে পেরে নিজেদের (যুক্তরাষ্ট্রকে) অপমানিত করা।’

এ সময় মাস্ক ইউক্রেনে বাইডেন প্রশাসনের গুচ্ছবোমা পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতাকারী আইনপ্রণেতাদের ধন্যবাদ জানান।

মাস্ক লেখেন, ‘যুক্তরাষ্ট্রকে অপমানিত হওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করায় আপনাদের ধন্যবাদ।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভসের ৯৮ জন রিপাবলিকান সদস্য এবং ৪৯ জন ডেমোক্র্যাট সদস্য ইউক্রেনে গুচ্ছবোমা পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন।

চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে গুচ্ছবোমা পাঠানোর বিষয়টির অনুমোদন দেন। জার্মানি, যুক্তরাজ্য, কানাডাসহ যুক্তরাষ্ট্রের একাধিক মিত্রদেশ বিষয়টির বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্র সেই চাপ উপেক্ষা করে ইউক্রেনে এরই মধ্যে গুচ্ছবোমা পাঠিয়ে দিয়েছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন