শনিবার, ২২ আগষ্ট ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির বার্ষিক বনভোজন

শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রিন্ট করুন

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটি যুক্তরাষ্ট্র ইনক’-এর বার্ষিক বনভোজন ২০২৬। গত রোববার (১৬ আগস্ট) নিউইয়র্কের ঐতিহ্যবাহী বেলমন্ট লেক স্টেট পার্কের বির্চ প্যাভিলিয়নে দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। প্রবাসে বসবাসরত বালাগঞ্জ ও ওসমানীনগরের অধিবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয় ড. মুস্তাক আহমেদ বড় ভূঁইয়ার উদ্বোধনের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুননুন চৌধুরী। প্রবাসীদের মাঝে সুস্বাদু প্রাতঃরাশ বিতরণের পর পবিত্র কোরআন তেলাওয়াত এবং বর্ণিল বেলুন উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নির্দিষ্ট টি-শার্ট পরে অংশগ্রহণকারীদের ফটোসেশন। পাশাপাশি শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলাধুলার। শিশুদের জন্য ছিল বল পাসিং ও দৌড় প্রতিযোগিতা। নারীদের জন্য আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ‘বালিশ খেলা’ ও ‘মার্বেল-চামচ দৌড়’। পুরুষ ও কিশোরদের জন্য ছিল ফুটবলের ‘গোল কিক’ ও ভলিবল প্রতিযোগিতা। এ ছাড়া অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবার এবং যোহরের নামাজের বিরতির ব্যবস্থা ছিল।

বিকেলে আমন্ত্রিত অতিথিদের পরিচিতি ও বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসার, আহ্বায়ক মোঃ তৌফিক আলম, প্রধান সমন্বয়ক সৈয়দ এনাম আহমেদ, সদস্য সচিব নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াকুব আলী, যুগ্ম সমন্বয়ক জোহায়েব চৌধুরী, ডাঃ আসাদুর রহমান মিয়া, এনওয়াইপিডি ইনস্পেক্টর খন্দকার আব্দুল্লাহ, ইন্ডিয়ান মুসলিম কাউন্সিলর প্রেসিডেন্ট ইমরান পাশা, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, লিয়াকত আলী, আব্দুল আহাদ হেলাল, শামীম আহমেদ, মোঃ মওলা মামুন, আসাদুজ্জামান, আশিকুল হক, নাসিম উদ্দিন, শাহ জামাল, সুলতান মাহমুদ সিদ্দিকী, সৈয়দ আব্দুল কাশেম এবং জাহাঙ্গীর কাজী।

সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনে সংগঠনটি তাদের কাছে এক টুকরো স্বদেশের মতো। দূর প্রবাসেও শেকড় ও সামাজিক বন্ধন ধরে রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। আহ্বায়ক মো. তৌফিক আলম বলেন, বালাগঞ্জ ও ওসমানীনগর আমাদের শিকড়, আমাদের পরিচয় ও আমাদের অহংকার। আমরা বালাগঞ্জ ও ওসমানীনগরবাসী—এ জন্য গর্বিত।

প্রধান সমন্বয়ক সৈয়দ এনাম আহমেদ বলেন, প্রবাসে তাদের শক্তি ও সাহসের মূল উৎস পারস্পরিক সহযোগিতা ও প্রীতিপূর্ণ সহাবস্থান। এ ঐক্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংস্কৃতি ও মূল্যবোধ পৌঁছে দেওয়ার সেতু হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন। সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, বিপুল উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আয়োজকদের পরিশ্রমের বড় সার্থকতা।

যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী বলেন, এ আয়োজন শুধু বনভোজন নয়, বরং প্রবাসের মাটিতে পারস্পরিক ভালোবাসা ও আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় করার একটি সুযোগ। যুগ্ম সমন্বয়ক জোহায়েব চৌধুরী আয়োজনে সহযোগিতা করা সবাইকে ধন্যবাদ জানান।

দিনব্যাপী আয়োজনের শেষভাগে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বর্ণিল এই আয়োজনের অন্যতম স্মরণীয় দিক ছিল—বিজয়ী ও বিজিত সকল প্রতিযোগী এবং আগত আমন্ত্রিত অতিথি প্রত্যেকের জন্যই রাখা হয়েছিল প্রীতিময় ও আকর্ষণীয় উপহার সামগ্রী, যা পুরো উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয় এবং আয়োজনে যোগ করে এক অনন্য মাত্রা। চমৎকার এই উপহার বিতরণ ও আনন্দময় মুহূর্তগুলোর মধ্য দিয়ে অবসান ঘটে দিনব্যাপী ঐতিহাসিক এই প্রবাস মিলনমেলার।

সংগঠনটির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসার, আহ্বায়ক মোঃ তৌফিক আলম, প্রধান সমন্বয়ক সৈয়দ এনাম আহমেদ এবং সদস্য সচিব নিজাম উদ্দিনসহ অন্য নেতৃবৃন্দ ও উপদেষ্টামণ্ডলী পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান ও সফল ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন