সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

৯/১১ হামলার ১ লাখ ৭০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করলো মামদানি প্রশাসন

বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

প্রিন্ট করুন

মনজুরুল হক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীর আগে হামলার পর নিউইয়র্ক সিটি সরকারের নেওয়া পদক্ষেপ, বায়ুর মান ও জনস্বাস্থ্য নিয়ে সংরক্ষিত প্রায় ১ লাখ ৭০ হাজার পৃষ্ঠার নথি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে মেয়র জোহরান মামদানির প্রশাসন। একই সঙ্গে ৯/১১ হেলথ ওয়াচের দায়ের করা দুটি মামলারও নিষ্পত্তি হয়েছে। এর মধ্য দিয়ে এসব নথি প্রকাশ নিয়ে কয়েক বছর ধরে চলা আইনি বিরোধের অবসান ঘটেছে।

নিউইয়র্ক সিটির বিভিন্ন মেয়র প্রশাসনের সময় থেকেই ৯/১১ হামলার উদ্ধারকর্মী, হামলায় স্বজন হারানো পরিবার এবং হামলা-পরবর্তী অসুস্থতায় ভুগতে থাকা ব্যক্তিরা এসব সরকারি নথি প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। মামদানি প্রশাসনের অর্থবছর ২০২৭ সালের বাজেটে সরকারি নথির জন্য একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল তৈরি ও রক্ষণাবেক্ষণে ৩ কোটি ৪০ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে।

নতুন চালু হওয়া পোর্টালে প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার পৃষ্ঠার নথি। এসব নথিতে ৯/১১ হামলার পর স্বাস্থ্যঝুঁকি, বায়ুদূষণ এবং নিউইয়র্ক সিটি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য রয়েছে। বহুল আলোচিত হার্ডিং মেমো, ২০২৫ সাল পর্যন্ত খুঁজে না পাওয়া ৬৮টি বাক্সে থাকা সরকারি নথি এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেভেন ভবন সম্পর্কিত নথিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউইয়র্ক সিটির আইন বিভাগের কর্মকর্তারা ৯/১১ হেলথ ওয়াচের সঙ্গে সরাসরি কাজ করে মামলার বাদীপক্ষের চাওয়া অনেক নথি প্রাথমিক প্রকাশের তালিকায় যুক্ত করেছেন। তবে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় এমন তথ্যসহ প্রয়োজনীয় কিছু অংশ গোপন রাখা হয়েছে। আইন বিভাগ আগামী ১২ মাসে আরও সরকারি নথি পর্যালোচনা করবে এবং ব্যক্তিগত তথ্য সরিয়ে পর্যায়ক্রমে সেগুলোও প্রকাশ করা হবে। ফলে আগামী এক বছরে প্রকাশিত নথির সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে সিটি প্রশাসন।

মামদানি প্রশাসন সিটি ওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বিভাগ এবং নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মী নিয়োগের উদ্যোগও নিয়েছে। তারা ৯/১১ হামলার পর নির্ধারিত এক্সপোজার জোনে কেউ উপস্থিত ছিলেন কি না, তা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি খুঁজে পেতে নিউইয়র্কবাসীকে সহায়তা করবেন। এর মাধ্যমে জাদরোগা আইনের আওতায় প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেলথ প্রোগ্রাম এবং ৯/১১ ভিকটিম কমপেনসেশন ফান্ড থেকে সহায়তা পাওয়ার সুযোগও সহজ করার কথা জানিয়েছে প্রশাসন।

মেয়র জোহরান মামদানি বলেন, ৯/১১ হামলায় যেসব পরিবার, বেঁচে যাওয়া মানুষ ও উদ্ধারকর্মীর জীবন চিরতরে বদলে গেছে, তাদের প্রতি নিউইয়র্ক সিটির ন্যূনতম দায়িত্ব হলো স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে যেসব নথি পাওয়ার জন্য নিউইয়র্কবাসীকে লড়াই করতে হয়েছে, সেগুলো এখন জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে হামলায় নিহতদের স্মরণ, দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের পাশে থাকা এবং এতদিনের প্রশ্নের উত্তর খুঁজে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিটি করপোরেশনের আইন কর্মকর্তা স্টিভেন ব্যাংকস বলেন, ৯/১১ হামলার পর সরকারের ভূমিকা নিয়ে বেঁচে যাওয়া মানুষ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বছরের পর বছর আরও স্বচ্ছতার দাবি জানিয়ে আসছিলেন। তাদের সেই দাবির প্রতি সাড়া দিয়েই নথির পোর্টাল চালু করা হয়েছে। হামলার পরের মাসগুলো এবং পরবর্তী বছরগুলোতে সিটি সরকার কী সিদ্ধান্ত নিয়েছিল, তা বোঝার জন্য এসব নথি গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

কংগ্রেসম্যান জেরি ন্যাডলার বলেন, ৯/১১ হামলার পরপরই গ্রাউন্ড জিরো ও আশপাশের এলাকার স্বাস্থ্যঝুঁকি নিয়ে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। তার দাবি, তৎকালীন মেয়র রুডলফ জুলিয়ানি প্রশাসন বিষাক্ত উপাদানের কারণে ভবিষ্যতে বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দার গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা সম্পর্কে ধারণা রাখলেও তা প্রকাশ করেনি। ন্যাডলার বলেন, সত্য গোপন করার কারণে ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার জন্য কংগ্রেসে অর্থ বরাদ্দের লড়াই দীর্ঘায়িত হয়েছিল। মামদানি প্রশাসনের নথি প্রকাশের উদ্যোগকে তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রাপ্য স্বচ্ছতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য গেইল এ ব্রুয়ার বলেন, ২৫ বছর ধরে ৯/১১ হামলার সঙ্গে সংশ্লিষ্ট উদ্ধারকর্মী, বেঁচে যাওয়া মানুষ, পরিবার এবং লোয়ার ম্যানহাটনে বসবাস, কাজ ও পড়াশোনা করা মানুষ স্বাস্থ্যগত পরিণতি বহন করে চলেছেন। অথচ তারা কীভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং সরকার কখন কী জানত, তার গুরুত্বপূর্ণ তথ্য এতদিন তাদের নাগালের বাইরে ছিল। নতুন পোর্টালকে তিনি সেই তথ্য জনসাধারণের সামনে আনার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ম্যানহাটন বরো প্রেসিডেন্ট ব্র্যাড হয়লম্যান সিগাল বলেন, গ্রাউন্ড জিরোতে বিষাক্ত ধুলা ও ধোঁয়ার সংস্পর্শে আসা কয়েক হাজার উদ্ধারকর্মী দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ ও ক্যানসারসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। তাদের জন্য সরকারি নথি উন্মুক্ত করা অনেক আগেই প্রয়োজন ছিল। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারকেও একই ধরনের স্বচ্ছতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সাবেক কংগ্রেসওম্যান ক্যারোলিন ম্যালোনি বলেন, ৯/১১ হামলার পর যেসব উদ্ধারকর্মী, বেঁচে যাওয়া মানুষ ও পরিবারকে প্রথমে বলা হয়েছিল বাতাস নিরাপদ, পরে তারা ভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। তাদের সত্য জানার অধিকার রয়েছে। প্রায় ১ লাখ ৭০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এসব নথি ক্ষতিগ্রস্তদের এক্সপোজার জোনে উপস্থিতির প্রমাণ দিতে এবং প্রাপ্য সরকারি সুবিধা পেতে সহায়তা করবে।

পোর্টালটি দেখুন এখানে…

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন