যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন আর নাহিদা সুলতানা বৃষ্টি ১০ দিন নিখোঁজ ছিলেন। এরপর শুক্রবার রাত আর আজ শনিবার দুপুর নাগাদ জানা যায়, দুজনের কেউই বেঁচে নেই। দু’জনের মাঝে প্রেমের সম্পর্ক ছিল, শিগগিরই তাদের বিয়ে করার কথা ছিল। বিষয়টি জানিয়েছেন লিমনের ভাই জুবায়ের আহমেদ।
তার বরাত দিয়ে সিএনএন জানায়, বাংলাদেশে যখন পরিবারের সঙ্গে কথা হয়, তখন বৃষ্টিকে নিয়ে বেশ ভালো কথা বলতেন লিমন।
জুবায়ের বলেন, ‘লিমন আমাদের বলত, বৃষ্টি মেয়ে হিসেবে খুবই ভালো। সে বহু প্রতিভাধর, গানের গলা যেমন ভালো, তেমনি রান্নার হাতও বেশ পাকা।’
শেষ দুই বছর ধরে লিমন তার থিসিস নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। তা শেষ করে দেশে ফেরার ইচ্ছা ছিল তার, এসে শিক্ষকতার স্বপ্ন দেখতেন তিনি।
জুবায়ের বলেন, ‘আমার ভাই সাধারণ একজন মানুষ ছিলেন। তিনি খুবই ভদ্র ছিলেন, তার মুখে হাসি লেগেই থাকত। পিএইচডি শেষ করেই দেশে ফেরার ইচ্ছা ছিল তার, এখানে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করার ইচ্ছা ছিল তার।’
গত ১৭ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের জামিল লিমনও। নিখোঁজ হওয়ার দিন সকাল ৯টায় জামিল ও ১০টা নাগাদ নাহিদাকে সবশেষ ক্যাম্পাসে দেখা যায়। এরপর গতকাল শুক্রবার জামিলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ।
দুজনের নিহতের ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেফতার করেছে ফ্লোরিডা পুলিশ।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন