লেবাননে নতুন করে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের কানতারা, কুসাইর, ওয়াদি হাসান, ইয়াহমোর আল-শাকিফ এবং হউলা এলাকায় কামান থেকে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। ইয়াহমোর আল-শাকিফ শহরে একটি ড্রোন থেকে মোটরসাইকেল ও ট্রাক লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে ৪ জন নিহত হন। এছাড়া বিনত জবেইল জেলার সাফাদ আল-বাত্তিখ শহরে বিমান হামলায় আরও ২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
খবরে বলা হয়েছে, দখলকৃত খিয়াম শহরে ইসরাইলি বাহিনী বিস্ফোরক ব্যবহার করে বাড়িঘর ধ্বংস করা অব্যাহত রেখেছে। এমনকি শনিবার সকাল থেকে লেবাননের রাজধানী বৈরুতের আকাশে ইসরাইলি ড্রোনকে অত্যন্ত নিচ দিয়ে উড়তে দেখা গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের আলোচনার পর ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এর আগে ১৬ এপ্রিল ১০ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরাইল তা বারবার লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।
লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর থেকেই পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন