রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শিরোনাম

রাঘবের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রকাশের মিম শেয়ার

রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

প্রিন্ট করুন

হঠাৎ করেই আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেন রাঘব চাড্ডা। শুক্রবার (২৪ এপ্রিল) তার এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হয় এবং বহু মানুষ তাদের মতামত জানান। এই প্রসঙ্গে অভিনেতা প্রকাশ রাজও প্রতিক্রিয়া জানিয়ে একটি ব্যঙ্গাত্মক মিম শেয়ার করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

মিমটিতে লেখা ছিল— ‘আমি পুলিশ বাহিনী ছেড়ে দিচ্ছি, কারণ তারা অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের মূল নীতি থেকে সরে গেছে। তাই এখন আমি দাউদ ইব্রাহিমকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি।’ এই মিমটি শেয়ার করে প্রকাশ রাজ ক্যাপশনে লেখেন, ‘জাস্ট আস্কিং।’

তার এই পোস্টে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ বলেছেন তার হতাশা স্পষ্ট, আবার কেউ সমালোচনা করে জিজ্ঞেস করেছেন, এ কি একজন প্যান-ইন্ডিয়া অভিনেতার উপযুক্ত বক্তব্য? ইউটিউবার ধ্রুব রাঠিও আগেই এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন।

এর আগে ধ্রুব রাঠি একটি ভিডিওতে রাঘব চাড্ডার দলবদল নিয়ে মন্তব্য করে রাজনীতির ‘সবচেয়ে বড় প্রতারক’ বলেন এবং দাবি করেন, ইডি ও সিবিআইয়ের চাপের ভয়ে তিনি দল ছেড়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই ‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করে প্রকাশ রাজ বিতর্কে জড়িয়েছিলেন। শূর্পণখা, রাম ও লক্ষ্মণের একটি গল্প উল্লেখ করে তিনি রসিকতা করেন যে ফলের দাম দিতে গিয়েও বেশি অর্থ (জিএসটি) চাওয়া হয়েছিল—এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয় এবং তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগও ওঠে।

প্রকাশ রাজকে সবশেষ দেখা গেছে ‘ডাকায়েত: আ লাভ স্টোরি’ ছবিতে। সামনে তাকে দেখা যাবে ‘জন নায়কন’, ‘জি২’, ‘বারাণসী’, ‘স্পিরিট’, ‘ফাদার’ ও ‘মিরাকল’সহ একাধিক ছবিতে। এছাড়া ‘তত্ত্বমসি’ ছবিতে তার একটি বিশেষ ক্যামিও রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন