সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শিরোনাম

দ্য তালফোর্ড লন এলিমেন্টারি স্কুল PS 50 এ বাংলা নববর্ষ উদযাপন

রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে দ্য তালফোর্ড লন এলিমেন্টারি স্কুল PS 50 এ বাংলা নববর্ষ উপলক্ষে এক বর্ণিল পারিবারিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৫ এপ্রিল) কুইন্সের জ‍্যামাইকায় স্কুলের ক্যাফেটোরিয়া ও বিভিন্ন অ্যাকটিভিটি রুমে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আগত পরিবারগুলোকে স্বাগত জানিয়ে পরিবেশন করা হয় বৈশাখের গান এসো হে বৈশাখ এসো এসো। এরপর প্রধান শিক্ষক তার বক্তব্যে বাংলা সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে নিজস্ব ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম। শিশু-কিশোরদের জন্য ফেস পেইন্টিং, হেনা আর্ট, ফুলের গহনা তৈরি এবং স্মৃতি চিত্র আঁকার আয়োজন করা হয়, যা তাদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। খাবারের পর্বে ক্যাটারিং করা খাবারের পাশাপাশি অভিভাবকদের আনা নানা ধরনের ঘরোয়া খাবার পরিবেশন করা হয়। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেকের জন্য আইসক্রীম উপহার অনুষ্ঠানের আনন্দে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল জমকালো ফ্যাশন শো। রেড কার্পেটে হাঁটার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাঙালি ঐতিহ্যবাহী পোশাকের বর্ণিল উপস্থাপন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, পহেলা বৈশাখ উদযাপন PS 50 ও পুরো কমিউনিটির জন্য একটি সেরা সুযোগ ছিলো। প্রথমবারের মতো আয়োজন করা এ অনুষ্ঠানে বিভিন্ন ভাষাভাষী প্রায় দেড় শতাধিক অভিভাবক ও দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আমেরিকার মেইনস্ট্রীম সোসাইটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে পেরে উচ্ছাস প্রকাশ করে ভবিষ্যতে এ আয়োজন ঘরোয়া গন্ডি পেরিয়ে আরো বড় পরিসরে উন্মুক্ত স্থানে করার আশাবাদও ব্যক্ত করেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন