মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শিরোনাম

বর্ণাঢ্য আয়োজনে প্রবাসী শেরপুর জেলা সমিতির বৈশাখ উদযাপন ও পিঠা উৎসব

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

প্রিন্ট করুন

প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় বৈশাখ উদযাপন ও পিঠা উৎসবের আয়োজন করেছে প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ। গত ২৫ এপ্রিল নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শের আলী গাজীর স্মৃতি বিজড়িত শেরপুর জেলার প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে শেরপুরের ঐতিহ্যবাহী প্রায় ২৮ থেকে ২৯ ধরনের পিঠা পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল চিতই পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, গোটা পিঠা, পায়েস পিঠা, নারু পিঠা, কলা পিঠা, নারিকেল বড়া পিঠা, খির পিঠা, তাল পিঠা, লবঙ্গ পিঠা, সন্দেশ পিঠা, ঝাল পিঠা, ফুল পিঠা, চাপরি পিঠা, চিরা পিঠা, মোয়া পিঠা ও সেমাই পিঠা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী। সাধারণ সম্পাদক ছামেদুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেম।

তিনি বলেন, পিঠা উৎসব গ্রামীণ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে এই ঐতিহ্য আমরা লালন করে আসছি। অগ্রহায়ণ ও পৌষ মাসে নতুন ফসল ওঠার সময় গ্রামে গ্রামে এই উৎসব ধনী-দরিদ্র সবাই মিলেমিশে পালন করতো। বর্তমানে আধুনিক জীবনে সেই সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের মাঝে এই ঐতিহ্য ধরে রাখতে প্রবাসে এমন পিঠা উৎসব আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উৎসব কমিটির আহ্বায়ক নাহিদ রায়হান লিখন, প্রধান সমন্বয়কারী মামুন রাশেদ, সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান, উপদেষ্টা আবদুল হামিদ, সাবেক সভাপতি জান্নাত রহমান, ডা. শিবলী, জামালপুর সমিতির সাবেক সভাপতি জিল্লুর রহমান, রানা রায়হান, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম রাসেল, রেখা জামান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মামুন রাশেদ ও রানা রায়হান। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব ও শামীম রেজা দেশের বিভিন্ন অঞ্চলের লোকসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রেখা জামান চৌধুরী, রুপচাঁন মিয়া,মাসুদ পারভেজ মুক্তা, গৌতম চক্রবর্তী, আসমাউল হুসনা লীরা ,শহিজ উদ্দিন মিয়া শিমুল প্রমুখ। অনুষ্ঠানে শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন