মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শিরোনাম

টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীতে

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

প্রিন্ট করুন

মাত্র দুই ঘণ্টার টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর তুমুল বৃষ্টি শুরু হলে মহানগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতার কবলে পড়ে। অল্প সময়ের প্রবল বর্ষণে নগরের প্রধান সড়ক, উপসড়ক ও নিচু অঞ্চলগুলো কোমরসমান পানিতে তলিয়ে যায়।

সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে জিইসি মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, টেকনিক্যাল, তারা গেট, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, প্রবর্তক মোড়, ওয়াসা মোড়, কাতালগঞ্জ, পাঁচলাইশ, অক্সিজেন মোড় এবং এ কে খান এলাকায়। এসব এলাকার সড়কে পানি জমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, বৃষ্টি শুরু হওয়ার ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই সড়কে পানি উঠতে থাকে। অনেক স্থানে ড্রেন উপচে পানি রাস্তায় উঠে আসে। কোথাও কোথাও বসতবাড়ি ও দোকানেও পানি ঢুকে পড়ে।

জলাবদ্ধতার কারণে নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন দীর্ঘ সময় আটকে আছে। অনেক গাড়ি পানিতে বিকল হয়ে পড়েছে। পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

নগরবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই একই পরিস্থিতি তৈরি হয়। জলাবদ্ধতা নিরসনে নানা প্রকল্পের কাজ চললেও এর সুফল দৃশ্যমান নয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকাকে এ সমস্যার প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন তারা।

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের বাকি সময়েও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে জলাবদ্ধতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন