সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, এই হামলা আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জীবনসহ বেসামরিক নাগরিকদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত, এই অঞ্চলে চলমান সংঘাতে ইতোমধ্যে ৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
এতে আরো বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সব বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত।
সেই সঙ্গে এই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
উল্লেখ্য, সোমবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশের তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলার খবর দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এই হামলার পেছনে কারা আছে, তা স্পষ্ট হয়।
দেশটির দাবি, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করলে সেগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হয়। ফুজাইরাহ প্রদেশের একটি তেল স্থাপনায় ড্রোন আঘাত হানে। ড্রোন হামলার পরপরই ওই পেট্রোলিয়াম শিল্প এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন