ইরাকের উপ-তেলমন্ত্রী আলি মারিজ আল-বাহাদলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের সরকার ও ইরানপন্থি মিলিশিয়াদের সুবিধার জন্য ইরাকি তেল সরিয়ে বিক্রিতে সহায়তা করেছেন।
এ বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘ইরানের শাসকগোষ্ঠী যেন একটি দুর্বৃত্ত চক্রের মতো ইরাকের জনগণের প্রাপ্য সম্পদ লুট করছে।’
তিনি আরও বলেন, ‘ইরানের সামরিক বাহিনী যাতে ইরাকি তেল ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থ জোগাতে না পারে, সে বিষয়ে ট্রেজারি বিভাগ নীরব থাকবে না।’
একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব সাইয়িদ আল-শুহাদা এবং আসাইব আহল আল-হাকের তিনজন শীর্ষ নেতার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানায়, ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনা, বেসামরিক নাগরিক, কূটনৈতিক স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলার জৃন্য এসব গোষ্ঠী এবং ইরানঘনিষ্ঠ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী—যেমন কাতাইব হিজবুল্লাহকে জবাবদিহির আওতায় আনা হবে।
ট্রেজারি বিভাগের অভিযোগ, আলি মারিজ আল-বাহাদলি ইরাকি তেলপণ্য ইরানের সরকার ও ইরান-সমর্থিত এক মিলিশিয়ার স্বার্থে সরিয়ে নিতে সহায়তা করেছেন। এর অংশ হিসেবে প্রতিদিন কয়েক মিলিয়ন ডলারের ইরাকি তেল ইরানি তেলের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক বাজারে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন