শনিবার, ০৬ জুন ২০২৬

শিরোনাম

চবিতে সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শনিবার, জুন ৬, ২০২৬

প্রিন্ট করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট, তাই বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে তাই পরিবেশ ও পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

শনিবার (৬ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের সামনে সাউথইস্ট ব্যাংক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাউথইস্ট ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বৃক্ষরোপণ এই কর্মসূচীর উদ্বোধন করেন চবি উপাচার্য।

উপাচার্য আরও বলেন, “চট্টগ্রামে যে ধরনের জলবায়ু পরিবর্তন হয়েছে, এর প্রভাব বোঝার জন্য বড় বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই আমরা তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি অনুভব করতে পারছি। মানুষের কর্মকাণ্ডের কারণেই আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অন্তত ২৫ শতাংশ উদ্ভিদ আচ্ছাদন থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে তা কমে ৭ শতাংশেরও নিচে নেমে এসেছে। আমরা যদি পরিবেশ, দেশ ও পৃথিবীকে বাঁচিয়ে রাখতে চাই এবং কার্বন নিঃসরণ কমাতে চাই, তাহলে ব‍্যপকহারে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যেতে হবে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান মো. আব্দুল মান্নান। তিনি বলেন, সাউথইস্ট ব্যাংকের ফাউন্ডার এবং বর্তমান চেয়ারম্যান এম এ কাশেম স‍্যারের সুযোগ‍্য নেতৃত্বে ব‍্যাংকটি
বতর্মানে আস্থা এবং সুনামের সাথে ব্যবসা করে আসছে।

তিনি আরও বলেন সাউথইস্ট ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্য পরিচালিত হয় না, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বিশ্ব পরিবেশ দিবসে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সেই দায়বদ্ধতারই প্রতিফলন এবং আজকের এই কর্মসূচির আওতায় মোট ৬০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। এরমধ্যে নিম, তাল, সজিনা, আমলকী, হরিতকী, অর্জুন ও বহেরা গাছ রয়েছে।

তিনি বলেন, নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাতেই আমরা এ কর্মসূচির আয়োজন করেছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান এম এ ফারুক প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন