ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। খবর আল জাজিরার।
বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইসরাইল এই সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) পক্ষ না হলেও, আলোচনার শেষে যে চূড়ান্ত চুক্তি হবে তাতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন।
এর মধ্যে রয়েছে ইরানের সমৃদ্ধ (এনরিচড) ইউরেনিয়াম অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ভেঙে ফেলা, ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা আরোপ এবং অঞ্চলে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করা।
বিবৃতিতে বলা হয়, এসব বিষয়ে ট্রাম্পের অঙ্গীকারের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শুধু পারমাণবিক অস্ত্র তৈরি না করারই নয; সেগুলো না কেনারও প্রতিশ্রুতিও দিয়েছে। তিনি এটিকে ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনার একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।
সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, চুক্তির আগের খসড়ায় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়টি ছিল, তবে অস্ত্র কেনার ওপর কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল না।
তবে সম্ভাব্য এই চুক্তির বিস্তারিত বিষয়ে ইরান এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ দেয়নি।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন